লন্ডন: ইংল্যান্ডের(India Vs England) বিরুদ্ধে শেষ ওয়ান ডে ম্য়াচেও হেরে ভারতীয় দল(Indian Cricket Team) ওয়ান ডে সিরিজও খুইয়েছে। কিন্তু লর্ডসে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন ভারতীয় দলের ২ অভিজ্ঞ তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। প্রথমজন তাঁর কেরিয়ারের ৩৪ তম ওয়ান ডে শতরান হাঁকিয়েছেন ও দ্বিতীয়জনের ব্যাট থেকে এসেছে টানা দ্বিতীয় অর্ধশতরান সিরিজের। আর এসবের মধ্য়েই একটি রেকর্ডও গড়ে ফেলেছেন এই জুটি। প্রথম ভারতীয় জুটি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ ম্য়াচ খেলার নজির গড়লেন বিরাট ও রোহিত।
ম্য়াচে শতরান হাঁকানোর পর রোহিত বলছেন, ‘আমি ও বিরাট আমাদের পুরো কেরিয়ারটা প্রায় একসঙ্গেই খেলেছি। তাই ও যখন ক্রিজে থাকে, তখন খুব ভালো লাগে। আমরা দুজনে মিলে প্রচুর পার্টনারশিপ গড়েছি ও একসঙ্গে ব্যাটিং করাটা সব সময়ই দারুণ মজার। বছরের পর বছর একসঙ্গে খেলার কারণে মাঠের মধ্যে অসাধারণ বোঝাপড়া তৈরি হয়েছে। ক্রিজে থাকার সময় আমরা নানা পরিকল্পনা নিয়ে আলোচনা করি ও নতুন নতুন পরিকল্পনা আদান-প্রদান করতে থাকি। ব্যাটিং করার সময় আমাদের মধ্যে সারাক্ষণ কোনও না কোনও কথোপকথন চলতেই থাকে।’
কিছুদিন আগেই রোহিতের অবসর নিয়ে ধোঁয়াশ তৈরি হয়েছিল। এমন রিপোর্টও উঠে এসেছিল যে লর্ডস ম্য়াচের পরই হয়ত আন্তর্জাতিক ক্রিকেট থেকে পুরোপুরি সরে দাঁড়াবেন হিটম্যান। কিন্তু দেবজিত সাইকিয়া জানিয়ে দিয়েছিলেন যে এটি পুরোটাই ভুয়ো তথ্য। আগামী বছরের বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দলের স্কিম অফ থিংসেও রোহিত আছেন বলে জানিয়ে দিয়েছিলেন সাইকিয়া। এরপরই লর্ডসে শতরান হাঁকালেন তৃতীয় ওয়ান ডে ম্য়াচে রোহিত। ম্য়াচের পর অবসর ইস্যুতে তাঁকে প্রশ্ন করা হলে প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, ‘আমার কাজ হল ভাল ব্যাটিং করা। আমার দেশের প্রতিনিধিত্ব করা। যখন থেকে আমি অভিষেক ঘটিয়েছি, তখন থেকেই এই বাইরের কথাগুলো চলে আসছে। যতক্ষণ আমি এখানে আছি, এমন কথা চলতেই থাকবে। এই সব আমার কাছে কোনও গুরুত্ব রাখে না। যেটা গুরুত্ব রাখে তা হল আমি মাঠে কী করি। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি, আমার দলের সাফল্যে অবদান রাখার চেষ্টা করি। এবং এখন আমার শুধু এই দিকেই মনোযোগ। আর এই বাইরের কথাগুলো হতে দিন, কারণ এগুলো না হলে মজা হবে না। আমার কাজ মাঠের ভেতরে আর বাকিদের মাঠের বাইরে।’
