কলকাতা: প্রয়াত মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বসু ওরফে টুটু বসু (Swapan Sadhan Bose)। মঙ্গলবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্য়ু হয় তাঁর। বয়স হয়েছিল ৭৮ বছর। আজ তাঁর শেষকৃত্য। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। বেলার দিকে টুটু বসুর মরদেহ আনা হয় মোহনবাগান ক্লাবের তাঁবুতে। সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হবে, কেওড়াতলা শ্মশানে। আজ মোহনবাগান ক্লাবের তাঁবুতে এসে তাঁকে শেষশ্রদ্ধা জানিয়ে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
প্রয়াত স্বপন সাধন বসুকে সম্মান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ সকালে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লেখেন, ‘মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি, প্রাক্তন সাংসদ তথা বর্ষীয়ান ক্রীড়া প্রশাসক শ্রী স্বপন সাধন বসু (টুটু বসু) মহাশয়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। মোহনবাগান ক্লাব ও টুটু বসু একে অপরের পরিপূরক ছিলেন। দীর্ঘদিন ধরে ক্রীড়া প্রশাসনে ওনার অসামান্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ওনার নেতৃত্ব, দূরদৃষ্টি এবং খেলাধুলার প্রতি অকৃত্রিম ভালোবাসা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আমি তাঁর শোকসন্তপ্ত পরিবার, পরিজন, শুভানুধ্যায়ী এবং অসংখ্য অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে ওনার বিদেহী আত্মার চিরশান্তি প্রার্থনা করি। ওঁ শান্তি’
মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি, প্রাক্তন সাংসদ তথা বর্ষীয়ান ক্রীড়া প্রশাসক শ্রী স্বপন সাধন বসু (টুটু বসু) মহাশয়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত।
মোহনবাগান ক্লাব ও টুটু বসু একে অপরের পরিপূরক ছিলেন। দীর্ঘদিন ধরে ক্রীড়া প্রশাসনে ওনার অসামান্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।… pic.twitter.com/lDZo0AGgQi
— Suvendu Adhikari (@SuvenduWB) May 13, 2026
আজ মোহনবাগান ক্লাবের তাঁবুতে গিয়ে, প্রয়াত স্বপন সাধন বসুকে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাইরে এসে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘মোহনবাগানের সঙ্গে বাঙালিদের ফুটবলের একটা আত্মিক সম্পর্ক রয়েছে। টুটু বাবু মানেই মোহনবাগান আর মোহনবাগান মানেই টুটু বাবু। ৭৯ বছর বয়সে ওঁর প্রয়াণ হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে আর আমার পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে আমি মোহনবাগান ক্লাবের তাঁবুতে এসেছিলাম। টুটু বাবুর সমস্ত শুভানুত্থায়ীদের পাশে দাঁড়াতেই আজ এখানে এসেছিলাম। আমাদের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক ও এসেছিলেন। মোহনবাগান সমর্থকদের কাছে আজকের দিনে আমার একটাই প্রার্থনা, যেভাবে আত্মিকতা দিয়ে টুটু বাবু মোহনবাগান ক্লাবকে আগলে রেখেছিলেন, আপনারাও সেইভাবেই এই ক্লাবকে এগিয়ে নিয়ে যান। সেটাই হবে ওঁর প্রতি আসল শ্রদ্ধা।
