নয়াদিল্লি: ঠিক বছরখানের আগে সকলকে চমকে দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। দিনটা ছিল ১২ মে। তার ঠিক বছরখানেক পরেই বিরাট কোহলির টেস্ট প্রত্যাবর্তনের জল্পনায় ক্রিকেটবিশ্বে শোরগোল।
সাম্প্রতিক অতীতে বারংবার কোহলির টেস্ট কামব্যাক ঘিরে না না জল্পনা-কল্পনা শোনা গিয়েছে। কোহলিপ্রেমীরা বারংবার তাঁকে লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আবেদন করেছে। কোহলি নিজেও একাধিকবার তাঁর টেস্ট ক্রিকেটের প্রতি প্রেমের কথা জানিয়েছেন, এমনকী ১৮ বছর পরে প্রথম আইপিএল খেতাব জয়ের পরেও ‘কিং কোহলি’-কে বলতে শোনা গিয়েছিল আইপিএল জয়ের আনন্দটা টেস্ট ক্রিকেট খেলা. টেস্ট ম্যাচ জয়ের বেশ কয়েক স্তর নীচে।
কোহলির টেস্ট ক্রিকেটের প্রতি এমন ভালবাসাই বারংবার তাঁর টেস্ট প্রত্যাবর্তনের জল্পনায় ইন্ধন জুগিয়েছে। কোহলি নিজে অবশ্য এই নিয়ে কোনদিনই মুখ খোলেননি। তবে সম্প্রতি কোহলির ছোটবেলার কোচের এক মন্তব্যে তাঁর টেস্ট প্রত্যাবর্তনের জল্পনা বাড়িয়ে তুলেছে। কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মার (Rajkumar Sharma) একটি সাম্প্রতিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে রাজকুমার শর্মাকে বলতে শোনা যায়, ‘যেহেতু বিরাট আমার কথা শোনে, তাই আমায় অনেকেই বলেছেন ওকে টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনের কথা বলতে। আমরা এই বিষয়ে কথাবার্তাও বলছি, দেখা যাক কী হয়।’
কোহলি ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে নিজের আন্তর্জাতিক টেস্ট অভিষেক ঘটিয়েছিলেন। নিজের বর্ণময় ১৪ বছরের কেরিয়ারে বিরাট কোহলি ১২৩টি টেস্ট ম্যাচ খেলেছেন। সেই শতাধিক ম্যাচে ৯২৩০ রান করে ভারতীয় দলের ইতিহাসে টেস্টে চতুর্থ সর্বোচ্চ রানসংগ্রাহক হিসাবে তিনি নিজের কেরিয়ারে ইতি টানেন। টেস্ট অধিনায়ক বিরাটের রেকর্ডও ঈর্ষণীয়। ২০১৪ থেকে ২০২২ সাল, মোট আট বছর কোহলি ভারতীয় দলের হয়ে টেস্টে অধিনায়কত্ব করেছেন। অধিনায়ক হিসাবে ৬০ ম্য়াচ খেলে তিনি ভারতীয় হিসাবে সর্বাধিক টেস্ট ম্যাচ জিতেছেন।
আরও পড়ুন:- ধারাবাহিক পারফরম্যান্সের সুফল, ভারতীয় ‘এ’ দলে ডাক পেলেন কেকেআর তারকা
তবে নিজের টেস্ট কেরিয়ারের শেষের দিকে ভারতীয় তারকা ক্রিকেটার ফর্মের সঙ্গে লড়াই করেছেন। শেষ নয় ইনিংসে কোহলি ১৯০ রান করেছিলেন। তবে সেই রানের সিংহভাগই একটি ইনিংসেই এসেছিল। পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। তবে সেই সিরিজ়ে ব্যাটার হিসাবে তাঁর ব্যর্থতা এবং ভারতীয় দলের হতাশাজনক পারফরম্যান্সের পরেই টেস্টে বদলের জল্পনা-কল্পনা শোনা যাচ্ছিল। শেষমেশ সেই অস্ট্রেলিয়া সিরিজ়ই কোহলির টেস্ট ক্রিকেটে শেষ হয়ে দাঁড়ায়। তবে অবসরের বছরখানেক পরে এবার কিন্তু তাঁর টেস্ট প্রত্যাবর্তনের জোর জল্পনা শুরু গেল।
