ABP Ananda LIVE : তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের বয়স মাত্র চার ম্যাচ। তবে ইতিমধ্যেই কিন্তু ক্রিকেটবিশ্বে হইচই ফেলে দিয়েছেন উসমান তারিক। পাকিস্তানের ‘মিস্ট্রি স্পিনার’ বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তিন উইকেট নেন। অবশ্য় তাঁর বোলিং অ্যাকশন বৈধ কি না, সেই নিয়ে কিন্তু জোর জল্পনা, তর্ক-বিতর্ক চলছে।
সোশ্যাল মিডিয়ায় তো অনেকে তাঁকে ‘চাকার’-র তকমা পর্যন্ত দিয়ে ফেলেছেন। সেই তালিকা থেকে কিন্তু ক্রিকেটাররাও বাদ নেই। দিনকয়েক আগেই তারিকের বলে আউট হয়ে তিনি বল ছুড়ছেন বলে ইশারা করতে দেখা যায় অস্ট্রেলিয়ান তারকা ক্যামেরন গ্রিনকে। মরুদেশের টি-টোয়েন্টি লিগে টম ব্যান্টনকেও একই অঙ্গভঙ্গি করতে দেখা গিয়েছিল। এই তারিকই কিন্তু সপ্তাহান্তে ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন।
তবে প্রশ্ন হচ্ছে যেখানে নেটিজেন থেকে ক্রিকেটাররা সকলেই তাঁর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলছেন, সেখানে কীভাবে খেলা চালিয়ে যাচ্ছেন তারিক? তাঁর বোলিং অ্যাকশন কি আদৌ বৈধ? আইসিসির নিয়ম অনুযায়ী, ‘কোনও বোলার বল করার বদলে বল ছুড়লে সেটিকে অবৈধ হিসাবে গণ্য করা হয়। বোলারের বাহুর অনুভূমিক অবস্থান এবং তাঁর রিলিজ় পয়েন্টের মধ্যে তাঁর কনুই ১৫ ডিগ্রির বেশি ভাঙলে সেটি নিয়ম অনুযায়ী অবৈধ।’
