নয়াদিল্লি: আইপিএল মরশুমের (IPL 2026) মাঝপথ পেরিয়ে টুর্নামেন্ট ‘বিজনেস এন্ড’-র দিকে অগ্রসর হচ্ছে। ইতিমধ্যেই জমে উঠেছে প্লে-অফের দৌড়ে। সব দলেরই ১০টি করে ম্যাচ খেলা হয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে লিগ তালিকায় মাঝে থাকা দুই দল কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস (DC vs KKR), শুক্রবার রাজধানীতে একে অপরের মুখোমুখি হয়েছিল। এই ম্য়াচে দুই পয়েন্ট উভয় দলের জন্যই প্লে-অফের দৌড়ে টিকে থাকার নিরিখে অত্যন্ত জরুরি ছিল।
সমর্থকরা আশা করেছিলেন প্লে-অফে পৌঁছতে মরিয়া দুই দলের মধ্যে এক হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে তা আর হল কই! প্রথমে কেকেআরের বোলার, মূল স্পিনারদের আঁটসাঁট বোলিংয়ে অত্যন্ত কম, ২০ ওভারে মাত্র ১৪২ রানেই থামল দিল্লির ইনিংস, আর তারপর শুরুতে দুই উইকেট তুলে যেটুকুও যা জয়ের আশা তৈরি হয়েছিল, তা ধূলিসাৎ করে দিলেন ফিন অ্যালেন। ১৪৩ রান তাড়া করতে নেমে মাত্র ৪৭ বলে শতরান হাঁকিয়ে ফেলেন কেকেআর ওপেনার। এর সুবাদে ৩৪ বল ও আট উইকেট হাতে রেখেই বড় ব্যবধানে কার্যত একপেশে এক ম্য়াচ জিতে নেয় কেকেআর।
আরও পড়ুন:- অনবদ্য বোলিংয়ের পর ফিন অ্যালেনের বিধ্বংসী শতরান, দিল্লিকে দুরমুশ করে চতুর্থ জয় কেকেআরের
ঘটনাক্রমে প্রথম ছয় ম্য়াচে একটিও জয় পেতে ব্যর্থ হওয়া কেকেআরের এটি নাগাড়ে চতুর্থ জয়। এই জয়ের সুবাদেই অপরদিকে জোড়া জয় দিয়ে মরশুম শুরু করা দিল্লি ক্যাপিটালসকে কেকেআর লিগ তালিকায় পিছনে ফেলে দিল। আপাতত দিল্লি ক্যাপিটালসকে পিছনে ফেলে লিগ তালিকায় উপরে, সাত নম্বরে উঠে এল কেকেআর। ১০ ম্যাচ খেলে নাইটদের ঝুলিতে রয়েছে মোট নয় পয়েন্ট। অবশ্য এই দুরন্ত জয় সত্ত্বেও কেকেআরের, -০.১৬৯ নেট রান রেটে খুব একটা বদল হয়নি।
অপরদিকে, ১১ ম্য়াচে আট পয়েন্ট এবং -১.১৫৪ নেট রান রেট নিয়ে দিল্লি প্লে-অফের দৌড় এবং লিগ তালিকায়, উভয় দিকেই পিছিয়ে গেল। তারা আপাতত আট নম্বরে রয়েছে। আপাত অর্থে শুক্রবারের ম্যাচের পর কেকেআর ও দিল্লি ক্যাপিটালস লিগ তালিকায় নিজেদের স্থান অদল বদলই করল বটে। লিগ তালিকার শীর্ষে আপাতত সানরাইজার্স হায়দরাবাদ এবং সবার নীচে লখনউ সুপার জায়ান্টস রয়েছে। নাইটদের এই ম্যাচে এই জয় কিন্তু প্লে-অফের লড়াই আরও কঠিন এবং মজাদার করে দিল।
