কলকাতা : পয়লা বৈশাখের আগে সোনার বাজারে (Gold Price ) অস্থিরতা সোমবারও বেশ লক্ষণীয় । মাত্র দু’দিনের মধ্যে সোনার দামে লক্ষণীয় পরিবর্তন চোখে পড়েছে কলকাতার বাজারে। আন্তর্জাতিক পরিস্থিতির টানাপোড়েনের প্রভাব নাকি রুটিন ওঠানামা, সেদিকেই নজর বিশেষজ্ঞদের। অনেকেই পয়লা বৈশাখ বা অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার পরিকল্পনা করেন, তাঁদের মুখে একটু হাসি ফোটাবে আজকের দাম।
২৪ ক্যারেটের ফাইন গোল্ড
- ১১ এপ্রিল অর্থাৎ গত শনিবার, সকালে কলকাতায় ২৪ ক্যারেটের ফাইন গোল্ড (৯৯৫) প্রতি গ্রামের দাম ছিল ₹১৫,০৫২। সেখানে ১৩ এপ্রিল সকালে তা নেমে এসেছে ₹১৪,৯৬৩-এ। অর্থাৎ প্রতি গ্রামে ₹৮৯ টাকা কমেছে।
- একইভাবে ২২ ক্যারেট সোনা অর্থাৎ মূলত যে সোনায় গয়না গড়ানো হয়, তার মূল্য ১৪,৩০০ টাকা থেকে কমে হয়েছে ₹১৪,২১৫ টাকা। এখানেও প্রতি গ্রামে ₹৮৫ টাকার পতন দেখা গেছে।
- এবার আসি যাঁরা সোনা বিক্রি করতে চান তাঁদের কথায়। ২২ ক্যারেট সোনা বিক্রি করলে শনিবার গ্রাম প্রতি দাম পেতেন, ₹১৩,৬৯৭ । সোমবার পাবেন গ্রাম প্রতি ₹১৩,৬১৬ টাকা।
- ১৮ ক্যারেট সোনার ক্ষেত্রেও একই প্রবণতা দেখা গিয়েছে। ১১ এপ্রিল যেখানে দাম ছিল গ্রাম প্রতি ₹১১,৭৪০, তা ১৩ এপ্রিল কমে হয়েছে ₹১১,৬৭০। অর্থাৎ প্রতি গ্রামে ₹৭০ টাকা হ্রাস পেয়েছে।
- শুধু সোনা নয়, রুপোর দামেও বড় পতন লক্ষ্য করা গেছে। ১ কেজি সিলভার বারের দাম ১১ এপ্রিল ছিল ₹২,৪৬,০৯৮, যা ১৩ এপ্রিল কমে হয়েছে ₹২,৪১,৫৮২। অর্থাৎ প্রায় ₹৪,৫০০ টাকার বড় পতন হয়েছে মাত্র দু’দিনে।
এই হঠাৎ দামের পতনের পিছনে মূল কারণ হিসেবে ধরা হচ্ছে আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং বিনিয়োগকারীদের দ্রুত অবস্থান পরিবর্তন। যখনই বিশ্ববাজারে অনিশ্চয়তা তৈরি হয়, তখন সোনার দাম দ্রুত বাড়ে। আবার পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেই দাম নেমে আসে। বর্তমানে সেই ওঠানামার প্রভাবই দেখা যাচ্ছে কলকাতার বাজারে।
-
একটা বিষয় মনে রাখবেন: ৩ শতাংশ জিএসটি বাদ দিয়ে উপরের দাম । অর্থাৎ কিনতে গেলে বা বিক্রি করতে গেলে ৩ শতাংশ জিএসটিও মূল দামের সঙ্গে যুক্ত হবে। তথ্যসূত্র – SSBC
*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।
