মুম্বই: গতবার অল্পের জন্য় স্বপ্নভঙ্গ হয়েছিল, প্রথম আইপিএল (IPL 2026) ট্রফি অধরাই রয়ে গিয়েছিল। সেই লক্ষ্যে এ বছর শুরু থেকেই দারুণ পারফর্ম করছে পঞ্জাব কিংস। একমাত্র দল হিসাবে এখনও একটিও ম্যাচ হারেনি শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন দল। তবে কেকেআরের বিরুদ্ধে বৃষ্টির জেরে এক পয়েন্ট খোয়াতে হয়েছিল পঞ্জাবকে। আজ ওয়াংখেড়েতে রেকর্ড চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামবে পঞ্জাব দল (MI vs PBKS)। সেই ম্যাচেও কি এমন কিছু হতে পারে? বৃষ্টির জেরে কি আবারও শ্রেয়সদের কপাল পুড়তে পারে?
কেকেআরের বিরুদ্ধে পয়েন্ট খোয়লেও, বাকি তিন ম্যাচ জিতে আপাতত সাত পয়েন্ট রয়েছে পঞ্জাব কিংসের দখলে। আজকের ম্যাচে জিতলেই পঞ্জাব লিগ তালিকার শীর্ষে পৌঁছে যাবে। তবে বৃষ্টির জেরে কি আবার কপাল পুড়তে পারে পঞ্জাবের? উত্তর না। মুম্মই ইন্ডিয়ান্স বনাম পঞ্জাব কিংসের আইপিএলের ২৪তম ম্যাচে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। ম্য়াচের সময় পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রা ২৭ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। তবে বাতাসে আর্দ্রতা পরিমাণ অনেকটাই বেশি, প্রায় ৫৯ শতাংশের আশেপাশে থাকবে। তাই প্রবল পরিমাণে ঘাম হওয়া এবং অস্বস্তির সম্মুখীন হতে হবে ক্রিকেটারদের।
বৃষ্টি না হলেও, এই প্রবল দাবদাহে মুম্বইয়ে কিন্তু ইতিমধ্য়েই ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে। তাই এই প্রবল গরমের মোকাবিলায় ম্য়াচের মাঝে মাঝে জলপানের বেশ কয়েকটি বিরতি দেখা যেতে পারে।
এই মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের ক্ষেত্রে উদ্বেগের কারণ রোহিত শর্মার ফিটনেস। গত ম্যাচে আরসিবির বিরুদ্ধে রোহিত রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফিরেছিলেন। দল চাপে পড়লেও, তাঁকে মাঠে নামতে দেখা যায়নি। ‘হিটম্যান’ হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। অর্থাৎ তাঁর চোটটা কিন্তু বেশ গুরুতরই। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচের আগে রোহিত পল্টনদের অনুশীলন উপস্থিত ছিলেন। তবে তিনি সম্ভবত আজকের ম্যাচ খেলতে মাঠে নামবেন না।
জানা গিয়েছে, রোহিতের হ্যামস্ট্রিংয়ের চোট সারেনি। তবে চোট ঠিক কতটা গুরুতর, তা এখনও পরিষ্কার নয়। মুম্বই ইন্ডিয়ান্সের তরফে শুধু বলা হয়েছে, চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন রোহিত। তাঁকে প্রত্যেক মুহূর্তে পর্যবেক্ষণ করা হচ্ছে। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচের আগের দিন মুম্বই ইন্ডিয়ান্স দলের একজন বলেছেন, ‘আমাদের মেডিক্যাল দল ওঁর চোট পরীক্ষা করছে। ম্যাচে রোহিতকে পাওয়া যাবে কি না, সেটা ম্যাচ শুরুর আগে ঠিক হবে।’
