August 1, 2026
b392b91c1a8ebf8df1c037f2a9a720d11769753542775507_original.jpg
Spread the love


কলকাতা: বনগাঁর (Bangaon incident) এক অনুষ্ঠানে মিমি চক্রবর্তীকে (MImi Chakraborty) হেনস্থার অভিযোগে চারিদিকে শোরগোল। এবার এই ঘটনার তদন্তে গিয়ে আক্রান্ত, জখম ৬ পুলিশ কর্মী।

দিনকয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় একটি  ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যাচ্ছিল মিমি চক্রবর্তীর অনুষ্ঠান চলাকালীনই সেখানে এক ব্যক্তি মঞ্চে উঠে সেই অনুষ্ঠান থামিয়ে দেন। মিমিকে মঞ্চ ছাড়ার জন্যও বলেন ওই ব্যক্তি। এই ঘটনার বিষয়ে বিস্তারিত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন টলিউড অভিনেত্রী। এই বিষয়ে আইনি পথ অবলম্বন করেছিলেন মিমি। উল্টে মিমির বিরুদ্ধেই দেরি করে আসার অভিযোগ তুলেছিলেন অনুষ্ঠানের উদ্যোক্তা তনয় শাস্ত্রী।

উদ্যোক্তাদের দাবি ছিল, রাত সাড়ে ১০টায় আসার কথা ছিল অভিনেত্রী মিমি চক্রবর্তীর। কিন্তু তিনি আসেন ১১টা ৪৫ নাগাদ। কিন্তু অনুষ্ঠানের পুলিশ পারমিশন রাত ১২টা পর্যন্ত থাকায়, ১২টা ১০ নাগাদ সম্মানের সঙ্গে মিমি চক্রবর্তীকে অনুষ্ঠান শেষ করতে বলা হয়। এমনকী তাদের আরও অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় মিমি চক্রবর্তীর লেখা সমস্ত অভিযোগ আসলে বনগাঁরই অপমান।

এই ঘটনায় ইতিমধ্যেই তনয় শাস্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার তদন্তের সময়ই পুলিশকর্মীরা আক্রান্ত হন। পুলিশের তরফে এরপরেই স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়। গ্রেফতার হয়েছে অনুষ্ঠানের উদ্যোক্তা-সহ মোট তিনজন ব্যক্তিকে।

মিমির যে পোস্ট ঘিরে প্রাথমিকভাবে তর্ক-বিতর্কের শুরু সেখানে অভিনেত্রী লিখেছিলেন, ‘আমাকে সদ্যই বনগাঁর নয়া গোপালগুঞ্জ যুবক সংঘ ক্লাবে আমন্ত্রণ জানিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে অনুষ্ঠান করার সময়ে, মাঝপথে আমায় হঠাৎ বলা হয় মঞ্চ ছেড়ে বেরিয়ে চলে যেতে। আমাকে আগে থেকে এই বিষয়ে একেবারেই কিছু বলা হয়নি। হঠাৎ, একেবারে দর্শকদের সামনে আমাকে এসে বলা হয় মঞ্চ ছেড়ে বেরিয়ে যেতে।’

মিমি আরও লেখেন, ‘দর্শকাসনে অনেক মানুষ ছিলেন যাঁরা আমার সঙ্গে একবার দেখা করার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলেন। অনেক মানুষ অপেক্ষা করছিলেন একটা ছবি তুলবেন বলে আমার সঙ্গে। কিন্তু আমি মঞ্চ ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হই। এখানেই শেষ নয়, মাইক্রোফোনে, সমস্ত দর্শকদের সামনে আমার সম্পর্কে আপত্তিকর ও অপমানজনক সমস্ত মন্তব্য করা হয়। এটা শুধু অপমানজনকই নয়, জনসমক্ষে আমার মানহানি। যদিও আমি নিয়ম মেনে, একটা কথাও না বলে মঞ্চ ছেড়ে বেরিয়ে যাই। তবে আমি এই বিষয়টা নিয়ে আইনত ব্যবস্থা নিচ্ছি।’ 

অভিযোগ-পাল্টা অভিযোগের পর এই ঘটনায় এবার করা হল গ্রেফতার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks