June 3, 2026
a6ebb87a5e1a1b2a0ffe8c5032cc9e661767725624054507_original.jpg
Spread the love


মুম্বই: বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে বিসিসিআইয়ের তরফে গত শনিবারই কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বলা হয়। এই নিয়ে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ বাংলাদেশ বোর্ড একাধিক পদক্ষেপ নেয়। একদিকে তারা মুস্তাফিজুরের আইপিএল খেলার ছাড়পত্র বাতিল করে। বাতিল করে আইপিএলের সম্প্রচারও। পাশাপাশি রবিবারই এক বৈঠকের পরে বাংলাদেশ বোর্ডের (Bangladesh Cricket Board) তরফে তাঁদের টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) ম্যাচগুলি ভারতের বাইরে সরিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ করে আইসিসিকে চিঠি লেখা হয়।

ESPNcricinfo-র রিপোর্ট অনুযায়ী মঙ্গলবারই একটি টেলিফোন কল হওয়ার কথা ছিল। এই ফোনে বাংলাদেশ বোর্ডকে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির তরফে তাঁদের গ্রুপ পর্বের ম্যাচগুলি ভারতে খেলার জন্যই অনুরোধ করতে পারে। বাংলাদেশের গ্রুপ পর্বের সমস্ত ম্যাচই কিন্তু ভারতে আয়োজিত হওয়ার কথা। এর মধ্যে তিনটি ম্যাচ খেলা হওয়ার কথা কলকাতার ইডেন গার্ডেন্সে।

প্রসঙ্গত উল্লেখ্য, বাংলাদেশ সরকার কিন্তু তাঁদের দেশের নাগরিকদের ভারতের আসা যাওয়ার ওপর কোনও নিষেধাজ্ঞা আরোপ করেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফেই বরং ম্যাচগুলি ভারত থেকে সরানোর অনুরোধ করা হয়। তবে আইসিসি সম্ভবত সেই অনুরোধ ফিরিয়ে দিচ্ছে। সোমবার আইসিসি চেয়ারম্যান জয় শাহ এই বিষয়ে আলাপ আলোচনা করতে বিসিসিআইয়ের প্রধান কার্যালয়ে মুম্বইয়ে উপস্থিত ছিলেন বলেও জানানো হচ্ছে। যদিও আইসিসির তরফে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলি সংক্রান্ত এই বিষয়ে সরকারিভাবে এখনও কোনও মন্তব্য করা হয়নি। 

তবে বাংলাদেশে যে আইপিএল দেখা যাবে না, এটা নিশ্চিত। বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করা হচ্ছে। সে দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রক থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে যেভাবে কোনও কারণ ছাড়া বাদ দেওয়া হয়েছে, এবং গোটা ঘটনায় বাংলাদেশের মানুষের মনে যে প্রভাব পড়েছে, তারই প্রেক্ষিতে পদ্মাপাড়ে আইপিএলের সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত। বিতর্কিত এই সিদ্ধান্ত দেশের মানুষের আবেগের কথা ভেবে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। সেই বিবৃতিতে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সহসচিব ফিরোজ খান সই করেছেন।

সেই ২০০৮ সাল, আইপিএলের প্রথম বর্ষ থেকেই সে দেশে এই মেগা টুর্নামেন্ট সম্প্রচারিত হয়। টিভির পাশাপাশি অনলাইনে এই মেগা টুর্নামেন্ট দেখার সুযোগ থাকে। তবে এই প্রথমবার আইপিএল সম্প্রচার বন্ধ করল পদ্মাপারের দেশ।          



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks