ঢাকা: মেহদি হাসান মিরাজের পরিবর্তে বাংলাদেশ ক্রিকেট দলের(Bangladesh Cricket Board) ওয়ান ডে ফর্ম্য়াটের ক্যাপ্টেন নির্বাচিত করা হয়েছে লিটন দাসকে(Liton Das)। তিনি টি-টোয়েন্টি ফর্ম্য়াটে অধিনায়ক ছিলেন আগেই। এবার ওয়ান ডে ফর্ম্য়াটেও তিনিই অধিনায়ক। সাদা বলের ফর্ম্য়াটে এখন বাংলাদেশের একজনের কাঁধেই নেতৃত্বের ভার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল বুধবার ঘোষণা করেছেন লিটনকে অধিনায়ক করার কথা। সূত্রের খবর, আগামী বছর বিশ্বকাপেও লিটনই দেশকে নেতৃত্ব দেবেন।
ঢাকার শের-ই-বাংলা আন্তর্জাতিক স্টেডিয়ামে বোর্ড অফ ডিরেক্টর্সের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সাংবাদিক বৈঠকে এসে তামিম বলেন, ‘আমাদের তিন ফর্ম্যাটে তিনজন ক্যাপ্টেন ছিল। আমি ও একই সঙ্গে বোর্ডের অন্য়ান্য সদস্যরাও মনে করেন যে দুটো ফর্ম্যাটে দু’জন অধিনায়ক থাকাই শ্রেয়। তাই আমরা লিটনকেই সাদা বলের দুটো ফর্ম্যাটের জন্য ক্যাপ্টেন নির্বাচিত করেছি। এখানে কারও পারফরম্যান্স নিয়ে কোনও বিষয় নয়। কিন্তু সাদা বল ও লাল বলের আলাদা দু’জন ক্যাপ্টেনই দলকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবে বলে আমার মনে হয়। লাল বলের ফর্ম্যাটে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত।’
তামিম মেহদির প্রশংসা করে বলেন, ‘মিরাজ পুরোপুরি ছন্দে চলে এলে বাংলাদেশ আরও অনেক ম্য়াচ জিতবে। আমি ওর সঙ্গে কথা বলেছি ক্যাপ্টেন্সির বিষয়ে। ও নিজেও বিষয়টা মেনে নিয়েছে। জিম্বাবোয়ে সফরের পরই আমি কোচ ও সাপোর্ট স্টাফদের সঙ্গে বসেছিলাম। আগামী ৬ মাসের পরিকল্পনা ঠিক করতে চেয়েছিলাম আমরা।’
উল্লেখ্য, মেহদি হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ এখনও পর্যন্ত ২০ ওয়ান ডে খেলতে নেমে ১০ ম্য়াচে জিতেছে। প্রথম ৬টি ম্য়াচে পাঁচটিতেই হেরে গিয়েছিল বাংলাদেশ। এরপর ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জেতে টাইগাররা। যদিও জিম্বাবোয়ের বিরুদ্ধে অ্য়াওয়ে সিরিজে হারতে হয়েছে।
লিটন এর আগেও ওয়ান ডে ফর্ম্য়াটে নেতৃত্ব দিয়েছেন। ২০২২ সালের ভারতের বিরুদ্ধে সিরিজও জিতেছে বাংলাদেশ লিটনের নেতৃত্বে। ২০২৩ এ আফগানিস্তানের বিরুদ্ধে দুটো ওয়ান ডে ম্য়াচেও খেলেছেন অধিনায়ক হিসেবে। তামিম ইকবাল আচমকা অবসর নেওয়ার পর দায়িত্ব সামলাতে হয়েছিল লিটনকে। টি-টােয়েন্টি ক্রিকেটে ধারাবাহিকভাবে নেতৃত্ব ভার সামলানো লিটন কি পারবে বাংলাদেশ ক্রিকেটের হাল ফেরাতে ওয়ান ডে-তেও। একজন বাঙালির কাঁধেই এবার বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ কেমন হবে, তা নির্ভর করছে। কেমনভাবে লিটন দলকে চালান তা দেখার।
