কলম্বো: শ্রীলঙ্কাকে তাঁর অধিনায়কত্বে ১৯৯৬ সালের বিশ্বকাপ জেতানো অর্জুন রণতুঙ্গা গ্রেফতার হতে পারেন । পেট্রোলিয়াম মন্ত্রী হিসাবে কার্যকালের সঙ্গে সম্পর্কিত দুর্নীতির অভিযোগে রণতুঙ্গা গ্রেফতার হতে পারেন, এই কথা সোমবার আদালতে জানানো হয়েছে । রণতুঙ্গা এবং তাঁর ভাইয়ের বিরুদ্ধে তেল কেনার চুক্তি দেওয়ার প্রক্রিয়ায় পরিবর্তন করার এবং বেশি খরচ করার অভিযোগ রয়েছে ।
দুর্নীতির উপর নজর রাখা একটি সংস্থা বলেছে যে, মোট ২৭ বার কেনাকাটা করা হয়েছিল, যার কারণে দেশের প্রায় ৮০ কোটি শ্রীলঙ্কান রুপির ক্ষতি হয়েছে । এই পরিমাণ ভারতীয় মুদ্রায় প্রায় ২৩.৫ কোটি টাকার সমান । দুর্নীতির অভিযোগের তদন্তের জন্য গঠিত কমিশনের মতে, এই কেনাকাটা ২০১৭ সালে করা হয়েছিল ।
তদন্তের জন্য গঠিত কমিশন কলম্বো ম্যাজিস্ট্রেটকে জানিয়েছে যে অর্জুন বিদেশে আছেন এবং ফেরার পরে তাঁকে গ্রেফতার করা হবে । প্রাক্তন পেট্রোলিয়াম মন্ত্রী অর্জুন রণতুঙ্গার ভাই ধামিকা রণতুঙ্গাকে সোমবার গ্রেফতার করা হয়, পরে জামিনে তাঁকে মুক্তি দেওয়া হয় । ধামিকা রণতুঙ্গা সেই কেনার সময় সরকারের অধীনে থাকা সিলোন পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন ।
ম্যাজিস্ট্রেট ধামিকার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছেন । তাঁর শ্রীলঙ্কা এবং ইউএসএর দ্বৈত নাগরিকত্ব রয়েছে । এই মামলার পরবর্তী শুনানি ১৩ মার্চে হওয়ার কথা । অর্জুন রণতুঙ্গার আরেক ভাই, প্রসন্নকে গত মাসে একটি বীমা জালিয়াতির মামলায় গ্রেফতার করা হয়েছিল । সেই মামলাটি এখনও বিচারাধীন, তবে জুন ২০২২-এ তাঁকে একজন ব্যবসায়ীর কাছ থেকে জোর করে অর্থ আদায়ের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল । প্রসন্ন, প্রাক্তন পর্যটন মন্ত্রী ছিলেন ।
১৯৯৬ বিশ্বকাপ ফাইনাল ম্যাচে অর্জুন রণতুঙ্গার নেতৃত্বে শ্রীলঙ্কান দল অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়ে ইতিহাস তৈরি করেছিল ।
