June 5, 2026
729bea95f28b9dd2d84aed05ac75721e178068183594650_original.jpg
Spread the love


সন্দীপ সরকার, কলকাতা: ঠিক দশদিন আগেই আইপিএলে ৪৭ লক্ষ টাকা খরচ করে লেজার শো করেছিল সিএবি। শুক্রবার সেই ইডেন গার্ডেন্সেই (Eden Gardens) বেঙ্গল টি-২০ লিগের উদ্বোধন হল জৌলুসহীনভাবে। গত মরশুমে টুর্নামেন্টের বোধনে পারফর্ম করেছিলেন সুনীধি চৌহান। এবার উদ্বোধনী অনুষ্ঠানে কোনও বিনোদনের বন্দোবস্ত ছিল না। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বিকেলে বৃক্ষরোপন করেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। সন্ধ্যায় মাঠের মধ্যে তৈরি অস্থায়ী মঞ্চে সৌরভ ও ঝুলন গোস্বামীই ছিলেন প্রধান আকর্ষণ। সঙ্গে হাজির ছিলেন আট দলের অধিনায়করা। ক্লাব হাউসের লনে সদস্যদের বসার জন্য সফেদ কুর্শি সাজানো হয়েছিল। অর্ধেক আসন ফাঁকাই পড়ে রইল। গোটা শহরে প্রচুর হোর্ডিং লাগিয়ে প্রচার করেছে সিএবি। তবে গ্যালারিতে শ’তিনেকের বেশি লোক চোখে পড়ল না।

সৌরভ যদিও টুর্নামেন্ট নিয়ে আশাবাদী। মঞ্চে দাঁড়িয়ে বললেন, ‘তরুণ ক্রিকেটারদের কাছে নিজেদের প্রমাণ করার দারুণ মঞ্চ এটা। মাঠকর্মীদেরও ধন্যবাদ দেব। এত ম্যাচ হচ্ছে। তারপরেও দারুণ মাঠ ও পিচ বানিয়েছে। ভাল একটা টুর্নামেন্ট হবে বলেই আমার বিশ্বাস।’

মাঠের লড়াইয়ে অবশ্য থ্রিলার দেখা গেল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল নোভাস রয়্যালস পুরুলিয়া ও অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স। হাড্ডাহাড্ডি সেই ম্যাচে অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্সকে ৪ রানে হারিয়ে দিল নোভাস রয়্যালস পুরুলিয়া। 

আরও পড়ুন: ‘আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চমক’, যুবভারতী স্টেডিয়াম থেকে ঘোষণা ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকের

বেঙ্গল টি-২০ লিগে (আগের নাম বেঙ্গল প্রো টি-২০) গতবারের চ্যাম্পিয়ন অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স। প্রথম ম্যাচেই তারা হেরে গেল ৪ রানে। শুক্রবার ইডেনে টস জিতে ফিল্ডিং নিয়েছিল অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৪ রান তোলে নোভাস পুরুলিয়া রয়্যালস। একটা সময় মনে হয়েছিল, স্কোর হয়তো মেরেকেটে ১২০ উঠবে। মন্থর ব্যাটিং হয় পাওয়ার প্লে-তে। তবে শেষ দিকে যুবরাজ দীপক কেসোয়ানি ৩৮ বলে ৫৪ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। অঙ্কুর পাল ৩৩ (২৫ বলে) ও প্রদীপ্ত প্রামাণিক ৩০ (১৮ বলে) রান করেন। কণিষ্ক শেঠ তিনটি এবং সক্ষম শর্মা, ঋত্বিক চট্টোপাধ্যায় ও সচিন কুমার যাদব একটি করে উইকেট নেন।

জবাবে ১৯.৫ ওভারে ১৫০ রানে অল আউট হয়ে যায় অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স। অঙ্কিত চট্টোপাধ্যায় করেন সর্বোচ্চ ৪৩ রান (৩১ বলে)। প্রীতম চক্রবর্তী, প্রদীপ্ত প্রামাণিক ও হর্ষ দেব গৌতম দুটি করে উইকেট তুলে নেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks