মুল্লাপুর: কথায় আছে, একাই একশো।
বৈভব সূর্যবংশী একশো করেনি। তার চেয়ে তিন রান আগে থেমে যায় তার তাণ্ডব। কিন্তু ১৫ বছরের বিস্ময় কিশোরের প্রলয়ে আক্রান্ত সানরাইজার্স হায়দরাবাদ। এলিমিনেটরেই যাত্রা শেষ হল সানরাইজার্স হায়দরাবাদের। ৪৭ রানে ম্য়াচ জিতে কোয়ালিফায়ার টুয়ে পৌঁছে গেল রাজস্থান রয়্যালস। সেখানে তাদের সঙ্গে লড়াই গুজরাত টাইটান্সের।
মঙ্গলবার টস জিতে ফিল্ডিং নিয়ে ভুগতে হয়েছিল গুজরাত টাইটান্সের অধিনায়ক শুভমন গিলকে। ম্যাচই হেরে বসে। বুধবার একই পরিণতি হল প্যাট কামিন্সের। টসে জিতে ফিল্ডিং নিয়েছিলেন। বৈভব সূর্যবংশী ও যশস্বী জয়সওয়াল ৮ ওভারে ১২৬ রান যোগ করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।
প্যাট কামিন্সকে প্রথম ওভারেই লং অফের ওপর দিয়ে বাউন্ডারির বাইরে ফেলে দিয়ে শুরু করেছিল বৈভব। প্যাট কামিন্সের দ্বিতীয় ওভারে যশস্বী জয়সওয়াল প্রথম বলে সিঙ্গল নেন। স্ট্রাইকে ফেরে বৈভব। পরের বলেই বাউন্ডারি। পরের বলটি ওয়াইড করলেন কামিন্স। পরের তিন বলে হজম করতে হল তিন ছক্কা। প্রথমটি লং অনের ওপর দিয়ে। পরেরটা থার্ড ম্যানের ওপর দিয়ে আপার কাট। শেষটি খোদ কামিন্সের মাথার ওপর দিয়ে।
ঘাতকের বয়স? সবেমাত্র ১৫ বছর। বুধবার আইপিএল এলিমিনেটরে এরকমই বিধ্বংসী ব্যাটিং করল বৈভব সূর্যবংশী। একার হাতে ছারখার করে দিল সানরাইজার্স হায়দরাবাদের বোলিং।
ইনিংস ওপেন করতে নেমে ২৯ বলে ৯৭ করল বৈভব! সেঞ্চুরির চেয়ে মাত্র তিন রান আগে থেমে গেল তার ঝড়। তার আগে যা করে গেল, মন্ত্রমুগ্ধ গোটা ক্রিকেট বিশ্ব। ৫টি চার ও ১২টি ছক্কা। ক্রিস গেলের রেকর্ড ভেঙে দিল। এর আগে আইপিএল-এে এক মরশুমে সবচেয়ে বেশি ছক্কা মারার নজির ছিল গেলের। ২০১২ সালে ৫৯টি ছক্কা মেরেছিলেন গেল। ৬৫টি ছক্কা হয়ে গেল বৈভবের।
অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের একটি রেকর্ডও ভেঙে তছনছ করল বিস্ময়-কিশোর বৈভব। ২০১৬ সালে পাওয়ার প্লে-র ১ থেকে ৬ ওভারের মধ্যে ৪৬৭ রান করেছিলেন ওয়ার্নার। তাঁকে পেরিয়ে গেল বৈভব। আইপিএলের এক ইনিংসে সবচেয়ে বেশিবার দশ বা তার বেশি ছক্কা মারর গেলের কীর্তিতেও ভাগ বসাল বৈভব। দুজনই চারবার করে এই নজির গড়েছে। আইপিএল নক আউট পর্বের এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কাও বৈভবের। আন্তর্জাতিক ক্রিকেটে খেলেননি, এরকম ক্রিকেটারদের মধ্যে এক আইপিএলে সবচেয়ে বেশি রান বৈভবের। ১৬ বলে হাফসেঞ্চুরি করে আইপিএলে দ্রুততম হাফসেঞ্চুরি করা সুরেশ রায়নার কীর্তি স্পর্শ করল বৈভব। ২৯তম বলে আউট হয়ে গেল বৈভব। তবে বাউন্ডারি হয়ে গেলে গেলের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিত।
২৪৪ রান তাড়া করতে নেমে ১৯.২ ওভারে ১৯৬ রানে শেষ হল হায়দরাবাদ। ৩ উইকেট জোফ্রা আর্চারের।
