May 27, 2026
f8ee3c7c06329b765db3738a72e0e78c1775764823181507_original.jpg
Spread the love


কলকাতা: গত বার বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল ম্যাচ, তাই এই আইপিএল মরশুমে (IPL 2026) ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংসের (KKR vs PBKS) ম্যাচের দিকে সকলের বিশেষ নজর। দলের খেতাবজয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) যে এখন প্রতিপক্ষ পঞ্জাব শিবিরের অধিনায়ক। তাই নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে শ্রেয়স কেমন পারফর্ম করেন, মূলত সেইদিকেই সকলের নজর ছিল। দুর্ভাগ্যবশত এ মরশুমেও বৃষ্টির কারণে ইডেনে সেই ম্যাচ পণ্ড হয়ে যায়। তবে ম্যাচের পর সকলের নজর কাড়ে শ্রেয়সের বোন শ্রেষ্টার (Shresta) একটি পোস্ট।

শ্রেষ্টা পেশায় এক ডান্সার তথা কোরিওগ্রাফার। তবে তিনি ক্রিকেটের বিষয়েও বেশ আগ্রহী। তাঁর দাদার খেলা নিয়ে বিভিন্ন সময়ে তাঁকে না না পোস্ট করতে দেখা যায়। কেকেআর বনাম পঞ্জাব কিংস ম্যাচের পরেও তিনি এমনই এক পোস্ট করেছিলেন, যার জেরে সোশ্যাল মিডিয়ায় তাঁকে তীব্র কটাক্ষের শিকার হতে হয়। শ্রেয়সের বোন ম্যাচ ভেস্তে যাওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও পোস্ট করেন, যেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘আমাদের পঞ্জাবিদের মন অনেক বড়। নাও, এক পয়েন্ট (তোমাদের) দিলাম।’ 

ম্যাচের শুরুটা পঞ্জাব দারুণভাবেই করেছিল। মাত্র আড়াই ওভারের খেলাতেই কেকেআরের দুই উইকেট ফেলে দিয়েছিল তারা। এমন পরিস্থিতিতে কেকেআর বেশ চাপে পড়েছিল, সেখান থেকে বৃষ্টি কেকেআরের ত্রাতা হিসাবে এসে নাইটদের এক পয়েন্ট পেতে সাহায্য করেছে, নিজের পোস্টের মাধ্যমে এমনটাই বোঝাতে চেয়েছিলেন শ্রেষ্টা। তবে এই ভিডিও পোস্ট করার পরেই তিনি সোশ্যাল মিডিয়ায় কটূক্তির শিকার হচ্ছিলেন বলে জানান শ্রেয়সের বোন। সেই জেরে বৃহস্পতিবার, সেই ভিডিও তিনি ডিলিট করে দেন।

তবে তারপরেই শ্রেষ্টা নিজের সোশ্যাল মিডিয়ায় ঘুরিয়ে পাল্টা লেখেন, ‘আমি নিজের ভিডিওটি মুছে দিচ্ছি, কারণ অনেকেই সেটার ভুল বুঝেছেন। আমি কেবল মজার ছলেই ওটা পোস্ট করেছিলাম, তবে সেটাকে সবাই তেমনভাবে গ্রহণ করেননি। তবে এর জেরে শুধু মাত্র নেতিবাচক মন্তব্য নয়, বেশ কিছু হুমকি পাওয়াটাও খুব হতাশাজনক। যার ফলে কারুর ক্ষতি হচ্ছে না, এমন একটা জিনিসের পরিণাম যে এটা হবে, সেটা আমি কল্পনাও করতে পারিনি।’

তিনি আরও দাবি করেন, ‘আমি কিছু ভুল করেছি মনে করে এই ভিডিওটি ডিলিট করছি না। এটা ডিলিট করছি আমার দাদা এবং ওর দলের প্রতি শ্রদ্ধার কারণে। আমি চাই না এই পরিসরটা নেতিবাচক হয়ে যাক। একটু সহৃদয় হয়ে একে অপরকে বোঝার খানিকটা চেষ্টা করাই যাক না।’ এই ঘটনা যে পঞ্জাব-কেকেআরের লড়াইয়ে ভবিষ্যতে আরও ইন্ধন জোগাবে, এই বিষয়ে কিন্তু কোনও সন্দেহ নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks