Patanjali Hybrid Hospital : ভারতের চিকিৎসা ইতিহাসে ঐতিহাসিক অধ্যায়ের সূচনা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ হরিদ্বারে পতঞ্জলি যোগপীঠ পরিচালিত বিশ্বের প্রথম ‘ইন্টিগ্রেটেড হাইব্রিড’ ইমারজেন্সি হাসপাতালের উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী, স্বামী রামদেব ও আচার্য বালকৃষ্ণ সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি।
কী ধরনের হাসপাতাল
আধুনিক অ্যালোপ্যাথির সঙ্গে যোগ, আয়ুর্বেদ ও প্রাকৃতিক চিকিৎসাকে একত্রিত করা হয়েছে এই হাসপাতালে। উদ্বোধনের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাসপাতালটি পরিদর্শন করেন ও এই উদ্যোগের প্রশংসা করে বলেন , ভারত এখন শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে বিশ্বনেতা হয়ে উঠবে। তিনি এটিকে ‘সমন্বিত সামগ্রিক চিকিৎসার’ এক নতুন যুগের সূচনা বলে বর্ণনা করেন।
অত্যাধুনিক সুবিধা ও বিশেষজ্ঞ পরিষেবা
২৫০ শয্যা বিশিষ্ট এই সুপার-স্পেশালিটি হাসপাতালে কার্ডিওলজি, নিউরোলজি, অর্থোপেডিকস এবং জেনারেল সার্জারির মতো বিভাগগুলিতে ২৪x৭ পরিষেবা চালু থাকবে। এখানে ফিলিপস অ্যাজুরিয়নের মতো উচ্চমানের ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান এবং ডায়ালাইসিসের মতো উন্নত সুবিধা রয়েছে। আচার্য বালকৃষ্ণ বলেছেন , এই হাসপাতালের লক্ষ্য হল এমন জটিল পরিস্থিতি সামাল দেওয়া, যেখানে রোগীদের তাৎক্ষণিক ‘মার্ডান লাইফ সাপোর্টের’ প্রয়োজন হয়।
অপ্রয়োজনীয় অস্ত্রোপচারের বিরোধিতা
স্বামী রামদেব স্পষ্ট করেছেন , পতঞ্জলি অপ্রয়োজনীয় ওষুধ, অপারেশন ও পরীক্ষার বিরোধিতা করে। তিনি বলেন, “আমাদের লক্ষ্য হল যোগ, আয়ুর্বেদ ও খাদ্য পদ্ধতির মাধ্যমে ৯০ থেকে ৯৯ শতাংশ রোগীকে সুস্থ করে তোলা। শুধুমাত্র যখন পরিস্থিতি অত্যন্ত গুরুতর হবে, তখনই অস্ত্রোপচার এবং স্টেন্ট ব্যবহার করা হবে।”
তিনি দাবি করেন , ইএমআর ডেটা ও ক্লিনিক্যাল প্রমাণের মাধ্যমে পতঞ্জলি বিপি, ডায়াবেটিস এবং লিভার সিরোসিসের মতো রোগ ‘প্রতিরোধে’ সফল হয়েছে।
একটি বিশ্বব্যাপী গবেষণা কেন্দ্র
পতঞ্জলি বর্তমানে এইমস দিল্লি এবং ঋষিকেশ সহ বিশ্বজুড়ে ২৫টি প্রধান চিকিৎসা প্রতিষ্ঠানের সহযোগিতায় গবেষণা চালাচ্ছে। ৫০০ জন বিজ্ঞানীর একটি দল প্রমাণ-ভিত্তিক আয়ুর্বেদকে বিশ্বব্যাপী স্বীকৃতি দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই হাসপাতালের মাধ্যমে দরিদ্র রোগীদের জন্য কম খরচে বিশ্বমানের চিকিৎসা নিশ্চিত করা হবে। এই হাসপাতালটি কেবল রোগের চিকিৎসাই করবে না, বরং ভারতকে বিশ্বের ‘স্বাস্থ্য গন্তব্য’ হিসেবে গড়ে তোলার স্বপ্নকেও বাস্তবায়িত করবে।
