তিরুঅনন্তপুরম: সিরিজ়ের প্রথম তিন টি-টোয়েন্টি ম্যাচে তাঁর ব্যাট থেকে রান আসেনি। তবে চতুর্থ ম্যাচে ব্যাট হাতে ঝড় তুললেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। শ্রীলঙ্কার বিরুদ্ধে (INDW vs SLW) তিরুঅনন্তপুরমে ৮০ রানের অনবদ্য ইনিংস খেললেন ভারতীয় ওপেনার। আর এই ইনিংসের সুবাদেই রচিত হল ইতিহাস।
চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ২৭ রান করলেই স্মৃতি মান্ধানা ১০ হাজার আন্তর্জাতিক রানের গণ্ডি পার করে ফেলতেন। মিতালি রাজ, সুজ়ি বেটস এবং শার্লট এডওয়ার্ডসের পর মাত্র চতুর্থ মহিলা ক্রিকেটার হিসাবে স্মৃতি ১০ হাজার রান করলেন। তিনি শুধু ১০ হাজার রানই করলেন না, করলেন রেকর্ড সময়ে। এতদিন পর্যন্ত মিতালি রাজই দ্রুততম হিসাবে ২৯১ ইনিংসে ১০ হাজার রান করার মালকিন ছিলেন। তবে সেই কৃতিত্ব নিজের নামে করে ফেললেন স্মৃতি। তিনি মিতালির থেকে ১০ ইনিংস কম, ২৮১ রানেই ১০ হাজার আন্তর্জাতিক রান করে ফেললেন।
Mt. 1⃣0⃣,0⃣0⃣0⃣🏔️
Congratulations to #TeamIndia vice-captain Smriti Mandhana on a landmark milestone 👏👏
Updates ▶️ https://t.co/9lrjb3dMqU #INDvSL | @mandhana_smriti | @IDFCFIRSTBank pic.twitter.com/bkqF2HwuDO
— BCCI Women (@BCCIWomen) December 28, 2025
এদিন প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছন্দে ব্যাটিং করেন ভারতীয় দলের ওপেনাররা। স্মৃতির পাশাপাশি অপর ওপেনার শেফালি বর্মাও অর্ধশতরান হাঁকান। শেষের দিকে ব্যাট হাতে ঝড় তোলেন রিচা ঘোষ। এই ত্রয়ীর দুরন্ত ব্যাটিংয়ের দৌলতেই ভারতীয় মহিলা ক্রিকেট দল নির্ধারিত ২০ ওভারে দুই উইকেটে ২২১ রান তুলল। এটাই ওমেন ইন ব্লুর সর্বোচ্চ টি-টোয়েন্টি স্কোর। গত বছরের ডিসেম্বরেই ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ভারতীয় মহিলা দল চার উইকেটে ২১৭ রান তুলেছিল। সেই রেকর্ড আজ ভেঙে গেল।
