রায়পুর: বিরাট কোহলি (Virat Kohli), ক্রিকেটজগতের সম্ভবত সবথেকে বড় নক্ষত্র। তিনি যেখানেই যান তা সে মুম্বই হোক বা মোলবোর্ন, তাঁকে ঘিরে দর্শকদের উন্মাদনা থাকে চোখে পড়ার মতো। সেই একরমকম উন্মাদনা, উত্তেজনা রায়পুরেও ধরা পড়ল।
রবিবাসরীয় রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) প্রথম ওয়ান ডেতে দুরন্ত শতরান এসেছিল তাঁর ব্যাট থেকে। ভারতীয় সমর্থকরা কোহলির সেই ফর্ম অব্যাহত থাকুক এমনটারই আশা করছে। বুধবার সেই লক্ষ্যেই দ্বিতীয় ওয়ান ডেতে মাঠে নামবেন বিরাটসহ গোটা ভারতীয় দল। তার আগে রায়পুরে পৌঁছে গেলেন কোহলি, রাহুল, রোহিতরা।
সেখানে হোটেলে পৌঁছতেই কোহলিকে ঘিরে যে উন্মাদনা দেখা গেল, তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে। ৩৭ বছর বয়সি মহাতারকা ক্রিকেটার হোটেলে ঢুকতেই একঝাঁক মানুষ তাঁকে ঘিরে ধরে। তবে তারা প্রাপ্ত বয়স্ক নয়, তারা হল একদল কচিকাচা। সকলের হাতেই ছিল লাল গোলাপ। কোহলিকে কার্যত ঘিরে ধরে সকলেই সেই লাল গোলাপ তাঁর হাতে তুলে দেন। কচিকাচাদের এই ভালবাসা যে কোহলিকে কতটা আনন্দিত করেছে. তা তাঁর হাবভাব দেখলেই স্পষ্ট বোঝা যায়।
this is how fans welcomed kohli in raipur😭🫶🏻 pic.twitter.com/Y1YNCNUcxd
— 𝙒𝙧𝙤𝙜𝙣🥂 (@wrognxvirat) December 2, 2025
তবে প্রথম ওয়ান ডের জয়ের পর হোটেলে সেলিব্রেশনর সময় কোহলির কার্যকলাপ কিন্তু বিতর্কেরও সৃষ্টি করেছিল। সুসজ্জিত টেবিল। চারপাশে ফুল, আলো। টেবিলে রাখা কেক। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে তখন সবে মাঠ থেকে টিমহোটেলে ঢুকছে ভারতীয় দল। বিজয়ী দলের ক্রিকেটারদের বরণ করে নিতে হোটেলেই এমন ব্যবস্থা করা হয়েছিল। টিমবাস থেকে হোটেলের লবিতে প্রবেশ করেই কেক কাটার জন্য উদ্যত হলেন কে এল রাহুল। যিনি ওয়ান ডে সিরিজে ভারতের অধিনায়ক। তিনি সবে ছুরি তুলে কেক কাটতে যাচ্ছেন, পাশ দিয়ে হেঁটে গেলেন বিরাট কোহলি। রাঁচিতে প্রথম ওয়ান ডে-তে ভারতের জয়ের নায়ক।
সঙ্গে সঙ্গে হোটেলকর্মীরা কোহলিকে অনুরোধ করেন কেক কাটায় অংশ নিতে। তাঁর জন্যই যে এত আয়োজন। এখনও যে তিনিই ভারতীয় ক্রিকেটের সেরা আকর্ষণ। অথচ কোহলি হাত দেখিয়ে জানিয়ে দিলেন, তিনি আগ্রহী নন। তিনি সটান হাঁটা দিলেন ভেতরের দিকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত জয়ের পর কোনও উৎসবে যেন রাজি নয় কোহলি। এই ঘটনা নিয়েই খানিক বিতর্কের সৃষ্টি হয়েছে। তবে কোহলি নিশ্চয়ই চাইবেন এই বিতর্ক পিছনে সরিয়ে ফের একবার তাঁর ব্যাট যেন কথা বলে।
