কলকাতা: কেকেআরের ক্যাপ্টেন হিসেবে চূড়ান্ত সমালোচিত হতে হচ্ছে অজিঙ্ক রাহানেকে। একেই তো অধিনায়ক হিসেবে ব্যর্থ। তার ওপর নিজেও ব্যাট হাতে রান করতে পারছেন না। পাওয়ার প্লে-তে যতুটুকুও বা ব্যাট চলছে নাইট অধিনায়কের, ৬ ওভার শেষ হওয়ার পর আর রানই করতে পারছেন না। স্পিনের বিরুদ্ধে দুর্বলতার ছবিটা আরও বৃহত্তর হচ্ছে। এই পরিস্থিতিতে সোশ্য়াল মিডিয়া থেকে শুরু করে অনেক প্রাক্তন ক্রিকেটারও রাহানেকে নেতৃত্ব থেকে সরানোর দাবি তুলেছেন। এবার সেই তালিকায় বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্তও। তিনি চাইছেন রাহানেকে সরিয়ে সুনীল নারাইনকে যেন কলকাতার নেতৃত্বভার তুলে দেওয়া হয়।
এখনও পর্যন্ত ৬ ম্য়াচে ঝুলিতে ১৫২ রান রাহানের। স্ট্রাইক রেট দেড়শোর নীচেই। শ্রীকান্ত মনে করেন আর এক-দুটো ম্যাচ দেখার পরই নারাইনকে নেতৃত্বভার তুলে দেওয়া উচিৎ কেকেআর ফ্র্যাঞ্চাইজির। তিনি নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ”আমার মনে হয় টুর্নামেন্টের মাঝপথেই অজিঙ্ক রাহানেকে সরিয়ে সুনীল নারাইনকে ক্যাপ্টেন্সি তুলে দেওয়া উচিৎ কেকেআর ম্য়ানেজমেন্টের। আর এক-দুটো ম্য়াচের বেশি ওকে দেখার দরকার নেই। শুধু যদি ব্যাট করার প্রয়োজন হয়, তখন রাহানে আসতে পারে দলে, নইলে ক্যাপ্টেন হিসেবে ওকে খেলানো উচিৎ হচ্ছে না এখন। আমি মনে করি রাহানে মিডল অর্ডারে ব্যাটিং করবেও না। এই পরিস্থিতিতে ওর প্রয়োজনীয়তা খুব একটা নেই। কিন্তু কেকেআর কি সেই সাহসটা দেখাতে পারবে? এটা আমার প্রশ্ন।”
শ্রীকান্ত আরও বলেন, ”কেকেআর তাঁদের একাদশকে বদলে দিতে পারে। তারা ফিন অ্য়ালেন ও ক্যামেরন গ্রিনকে বসিয়ে রাচিন রবীন্দ্র ও পাথিরানাকে খেলাক। রাচিনকে দিয়ে ওপেন করানো উচিৎ। রাহানে ও রাচিন ওপেনিং কম্বিনেশন হতে পারে দলটার। তবে কেকেআরের সাপোর্ট স্টাফরাই ভাল জানে ওঁদের হাতে কোন কোন প্লেয়ার রয়েছে।”
রিঙ্কু ও বৈভবের সমালোচনাও শোনা গেল প্রাক্তন এই ব্যাটারের মুখে। তিনি বলছেন, ”বৈভব আরোরা প্রত্যেক ম্য়াচেই ৪ ওভারে ৫০ বা ৫৫ রান খরচ করছে। তোমার স্ট্রাইক বোলার যদি এমনভাবে রান খরচ করে, তাহলে তাঁকে রাখার মানে কী? এছাড়া রিঙ্কুও তো ছন্দে নেই। ও পাঁচ নম্বরে ব্যাটিং করতে পারবে না। যদি ৩ ওভারে ৪০ রান প্রয়োজন হয়, সেখানে রিঙ্কু ঠিক ওর কাজটা করে দেবে। কিন্তু পাঁচে ওকে খেলানোর কোনও মানে হয় না। বোলিং ডিপার্টমেন্টে একমাত্র কার্তিক ত্য়াগী ভাল খেলছে।”
