মুম্বই: ফের মাথাচাড়া দিয়ে উঠল ‘স্ল্যাপগেট’ কাণ্ড। আইপিএলের (IPL) প্রথম বছরেই বিতর্কে জড়িয়েছিলেন হরভজন সিংহ (Harbhajan Singh) ও শ্রীসন্থ (S Sreesanth)। ভারতীয় ক্রিকেট দলের ২ প্রাক্তন তারকা মাঠে খেলার সময় হাতাহাতিতে জড়িয়েছিলেন। মূলত হরভজন শ্রীসন্থকে মাঠেই যেভাবে চড় মেরেছিলেন, তাতে দীর্ঘসময় কথা বলা বন্ধ ছিল ২ প্রাক্তন তারকার। যদিও পরবর্তীতে দু’জনকে একসঙ্গে কমেন্ট্রি বক্সেও দেখা গিয়েছে। এমনকী ভাজ্জির শোয়েও সস্ত্রীক উপস্থিত হয়েছিলেন শ্রীসন্থ। কিন্তু ভাজ্জি আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দিতেই তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন শ্রীসন্থ। ভাজ্জি না কি সেই ‘স্ল্যাপগেট’ কাণ্ডের পর কোটি টাকা কামিয়েছেন।
রাঘব চাড্ডার সঙ্গে আরও ছয়জন রাজ্যসভার সাংসদ শুক্রবারই আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। সেই তালিকায় রয়েছেন ভাজ্জিও। অন্যদিকে শ্রীসন্থ ২০১৬ থেকেই বিজেপি করছেন। কেরল থেকে প্রার্থীও হয়েছিলেন বিশ্বজয়ী প্রাক্তন পেসার। সম্প্রতি হরভজনকে একটি বিজ্ঞাপনে দেখা গিয়েছে, সেখানে তিনি কোনও কিছুকে চড় মেরে ঠিক করার চেষ্টা করছেন। সেই বিজ্ঞাপন যেখানে বারবাহ থাপড় মারছেন সেখানে শ্রীসন্থ যেমন মাথায় ফেট্টি বেঁধে খেলতেন, তেমনই ফেট্টি বাঁধা। সেই বিজ্ঞাপন নিয়েই প্রশ্ন তুলেছেন শ্রীসন্থ। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, ”আমি এর আগে কখনও সেই স্ল্যাপগেট কাণ্ড নিয়ে ভাজ্জিকে কিছু বলিনি। তবে এবার মুখ খুলতে চাই আমি। কিছু দিন আগেও আমাদের মধ্যে কোনও সমস্যা ছিল না। কিন্তু ভাজ্জি বারবার করে সেই ঘটনাটা সামনে নিয়ে আসছে। সম্প্রতি একটি বিজ্ঞাপন করেছে। বিজ্ঞাপনটা করার জন্য ও ৮০ লাখ থেকে ১ কোটি টাকা নিয়েছে। এরপর আমাকে ফোন করে আমার সোশ্য়াল মিডিয়ায় সেই বিজ্ঞাপনের ভিডিওটি পোস্ট করতে বলেছিল। আমি তখন জানাই যে তোমায় ক্ষমা করলেও ঘটনাটা কখনও ভুলব না আমি। পরে দেখলাম ও নিজেও পোস্ট করেনি ওঁর সোশ্যাল মিডিয়ায়।”
ঘটনাটি ঘটেছিল ২০০৮ সালে। সেবার কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলছিলেন শ্রীসন্থ ও মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে খেলতেন হরভজন। ২ দলের ম্য়াচের পর যখন করমর্দন করছিলেন প্লেয়ারা, তখন আচমকাই শ্রীসন্থকে থাপড় মারেন ভাজ্জি। এরপর মাঠেই কেঁঁদে ফেলেছিলেন ডানহাতি প্রাক্তন পেসার। শ্রীসন্থ কিছুক্ষণ পরে ভাজ্জির দিকে এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু দু দলের বাকি প্লেয়াররা তাঁদের দু’জনকেই আটকে দেন সেই মুহূর্তে।
