লখনউ: তাঁর বাবা ক্রিকেট মাঠের কিংবদন্তি। স্বাভাবিকভাবেই অর্জুন তেন্ডুলকরকে নিয়ে সবসময়ই চর্চা চলে। তাঁর পারফরম্যান্স কাটাছেঁড়া হয়। এবারের আইপিএলে অর্জুন খেলছেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে। যদিও পুরো মরশুম বেঞ্চে বসে ছিলেন। অবশেষে লখনউ সুপার জায়ান্টস শনিবার শেষ লিগ ম্যাচে তাঁকে প্লেয়িং ইলেভেনে সুযোগ দেয়। LSG-এর হয়ে তাঁর অভিষেক ম্যাচে অর্জুন ৫ বল খেলে পাঁচ রান করেন। বল হাতে অবশ্য নজর কেড়েছেন। ৪ ওভারে ৩৬ রান দিয়ে নিয়েছেন এক উইকেট। প্রভসিমরন সিংহকে (৩৯ বলে ৬৯ রান) ফেরান তিনি। যদিও আরও আগেই এই উইকেটটি পেতে পারতেন অর্জুন। তাঁর প্রথম ওভারেই উইকেটের পিছনে প্রভসিমরন সিংহের ক্যাচ ফেলেন ঋষভ পন্থ।
অর্জুন গত ৬ মরশুম ধরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অংশ ছিলেন, কিন্তু ৬ বছরে এটি তাঁর ষষ্ঠ ম্যাচ ছিল।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে অর্জুন আট নম্বরে ব্যাটিং করতে নামেন। এই ইনিংসে তিনি মার্কো জানসেন এবং বিজয়কুমার বৈশাখের বলের মোকাবিলা করেন। অর্জুন তাঁর সংক্ষিপ্ত আইপিএল কেরিয়ারে মাত্র ৬টি ম্যাচ খেলেছেন, কিন্তু এতদিনে গত ৬ সিজনে তাঁর মোট আয় কত হয়েছে? সেটার জন্যই এই প্রতিবেদন।
অর্জুন তেন্ডুলকরের মোট আয়
অর্জুন তেন্ডুলকর ২০২১ সালে মুম্বই ইন্ডিয়ান্স দলে যোগ দেন। সেই সময় MI তাঁকে তাঁর বেস প্রাইস অর্থাৎ ২০ লক্ষ টাকায় কিনেছিল। যদিও আইপিএলে তাঁর প্রথম ম্যাচ তিনি ২০২৩ সালে খেলেন। সেই সিজনে অর্জুন ৪ ম্যাচে তিনটি উইকেট নিয়েছিলেন। পেশাগতভাবে অর্জুন একজন বাঁহাতি ফাস্ট বোলার এবং প্রয়োজন অনুযায়ী ব্যাটিংও করতে পারেন।
২০২১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের অংশ ছিলেন, কিন্তু এই সময়ে পাঁচ বছরে তিনি মাত্র ৫টি ম্যাচ খেলার সুযোগ পান। মুম্বই ইন্ডিয়ান্স থেকে তাঁর মোট আয় ১ কোটি ৪০ লক্ষ টাকা ছিল। অন্যদিকে, ২০২৬ সালে অর্জুন তেন্ডুলকরকে লখনউ সুপার জায়ান্টস ৩০ লক্ষ টাকায় MI-এর সঙ্গে ট্রেড করে। এখন পর্যন্ত অর্জুন আইপিএলে মোট ১ কোটি ৭০ লক্ষ টাকা আয় করেছেন।
আরও পড়ুন: দলের সেরা ব্যাটার ছিটকে গিয়েছেন, পরিবর্ত কে? মরণ-বাঁচন ম্যাচের কী বললেন কেকেআরের কোচ?
প্রতিটি মরশুমে অর্জুন তেন্ডুলকরের আয়
- IPL 2021 – ২০ লক্ষ – মুম্বই ইন্ডিয়ান্স
- IPL 2022 – ৩০ লক্ষ – মুম্বই ইন্ডিয়ান্স
- IPL 2023 – ৩০ লক্ষ – মুম্বই ইন্ডিয়ান্স
- IPL 2024 – ৩০ লক্ষ – মুম্বই ইন্ডিয়ান্স
- IPL 2025 – ৩০ লক্ষ – মুম্বই ইন্ডিয়ান্স
- IPL 2026 – ২০ লক্ষ – লখনউ সুপার জায়ান্টস
আরও পড়ুন: এই ব্যবধানে জিতলেই প্লে অফের টিকিট পাকা! কেকেআরের সামনে কী অঙ্ক, চূড়ান্ত হয়ে গেল
