July 30, 2026
5ba5e458dfa71e8b33d13857e37a3ec6176430910731850_original.jpg
Spread the love



সন্দীপ সরকার, সল্ট লেক: মাঠে তখন ঝড় তুলেছেন পৃথ্বী শ। হায়দরাবাদের ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বিধ্বংসী হাফসেঞ্চুরি মুম্বই ছেড়ে মহারাষ্ট্রে যোগ দেওয়া ক্রিকেটারের। ঝোড়ো ব্যাটিং করছেন আর্শিন কুলকার্নিও। সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে বাউন্ডারি লাইনের ধারে বসে পৃথ্বী-আর্শিনদের ব্যাটিং তাণ্ডব দেখছিলেন বিজু জর্জ (Biju George)। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল নিলামের আগে প্রতিভার খোঁজে বেরিয়েছেন। শুক্রবার সকালে হাজির হয়ে গিয়েছেন সল্ট লেকে।সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টের ম্যাচ দেখতে।

তার ফাঁকেই বিস্ফোরক বিজু। ভারতীয় দলের ব্যাটিং কোচের পদ থেকে অভিষেক নায়ারকে সরানো নিয়ে বোমা ফাটালেন বিজু। পরিচয় করিয়ে দেওয়া যাক, বিজু শুধু ভারতীয় ক্রিকেটের বিভিন্ন দলের সঙ্গে নানা সময়ে কাজ করা ব্যাটিং ও ফিল্ডিং বিশেষজ্ঞ কিংবা আইপিএল দলের স্কাউটই নন, তিনি সঞ্জু স্যামসন-জেমাইমা রদ্রিগেজদের ব্যক্তিগত কোচও। তাঁর হাত ধরেই সঞ্জুর উত্থান। আপাতত তিনি শাহরুখ খানের দল কেকেআরের হয়ে প্রতিভা অন্বেষণের কাজ করছেন। সেই কাজেই কলকাতায়।

তবে আইপিএলের জন্য প্লেয়ার খুঁজতে বেরিয়েও টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় ব্যাটিংয়ের আত্মসমর্পণ দেখে বিরক্ত, ক্ষুব্ধ বিজু। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হায়দরাবাদ বনাম মহারাষ্ট্রের খেলা দেখার ফাঁকে বললেন, ‘দেশের মাটিতে ভারতীয় ব্যাটিং বারবার এভাবে ভেঙে পড়ছে দেখলে খারাপ লাগে। বরাবর বলা হতো, দেশের মাটিতে ভারত বাঘ। দুর্দান্ত সমস্ত রেকর্ড রয়েছে আমাদের ঘরের মাঠে। এখন তো বোলিং বিভাগ শক্তিশালী হওয়ায় বিদেশেও আমরা নিয়মিত জিতছি। কিন্তু ঘরের মাঠে বারবার এভাবে ব্যাটিং বিপর্যয় মেনে নেওয়া কঠিন।’

বিপর্যয়ের কারণ কী? বিজু বললেন, ‘কাউকে দোষারোপ করা ঠিক নয়। তবে যেভাবে ভারতীয় দলের ব্যাটিং কোচের পদ থেকে সেরা লোকটাকেই সরিয়ে দেওয়া হল, মানা যায় না।’ গৌতম গম্ভীর কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পর অভিষেক নায়ারকে টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ করা হয়েছিল। পরে তাঁকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় সীতাংশু কোটাককে। পরে অভিষেককে কোচ হিসাবে দায়িত্ব দিয়েছে কেকেআর।

বিজু বলছেন, ‘এই মুহূর্তে ভারতের সেরা ব্যাটিং কোচ অভিষেক। রোহত শর্মা থেকে শুরু করে কে এল রাহুল, দীনেশ কার্তিক, সকলের কেরিয়ার বাঁচিয়ে দিয়েছিল লোকটা। যখন যে দলে থেকেছে, তাদের ব্যাটিংই উপকৃত হয়েছে। তাকে সরিয়ে দায়িত্বে আনা হল এমন একজনকে, যে কখনও কিছু করেছে বলে মনে করতে পারেন না কেউই।’ কেকেআরের কোচ হিসাবে অভিষেক দারুণ কাজ করবেন, আশাবাদী সঞ্জু-জেমিদের কোচ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks