Indian Railways New Rule : ডিজিটাল ইন্ডিয়ায় বদলে গেল ট্রেনের টিকিট সংক্রান্ত নিয়ম। এবার থেকে লোকাল বা জেনারেল ট্রেনের অসংরক্ষিত (Unreserved Ticket) টিকিট কেটে মোবাইলে স্ক্রিনশট রাখলে তা বৈধ বলে গণ্য হবে না। আপনাক যদি অন্য কেউ হোয়াটসঅ্যাপে সেই টিকিট পাঠান তাও টিটিই গ্রাহ্য করবে না। তাই এই ধরনের কাজ করলে জরিমানার জন্য প্রস্তুত থাকুন।
কী বলা হয়েছে রেলের তরফে
সম্প্রতি এই নতুন নিয়ম নিয়ে স্পষ্ট বিবৃতি দিয়েছে রেল। দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ের (SECR) অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকে বলা হয়েছে, ডিজিটাল অসংরক্ষিত টিকিটের ক্ষেত্রে এবার আর হোয়াটসঅ্যাপ মেসেজ, স্ক্রিনশট, ছবি বা পিডিএফ ফাইল আর বৈধ হিসেবে গণ্য করা হবে না। টিকিট পরীক্ষককে (TTE) শুধুমাত্র ‘RailOne’ অ্যাপের আসল ডিজিটাল টিকিট দেখাতে হবে।
রেলের নতুন নিয়মে কী কী বলা হয়েছে ?
এবার একই মোবাইলে টিকিট থাকা বাধ্যতামূলক: এই বিষয়টা অবশ্য়ই মানতে হবে। সব সময় যে মোবাইল ফোন ও যে রেজিস্টার্ড নম্বর থেকে টিকিটটি বুক করা হয়েছে, ভ্রমণের সময় টিকিটটি সেই ফোনেই থাকতে হবে।
এবার আর হোয়াটসঅ্যাপ বা স্ক্রিনশট বৈধ নয় : নতুন টিকিট বুক করার পর তার স্ক্রিনশট, ছবি বা হোয়াটসঅ্যাপে পাঠানো কপি দেখালে তাকে ‘টিকিটহীন’ যাত্রী হিসেবে গণ্য করবে রেল।
ট্রেন ছাড়ার আগে বুকিং : নতুন নিয়ম অনুসারে, ট্রেন স্টেশন ছেড়ে রওনা দেওয়ার আগেই ডিজিটাল টিকিট বুক করতে হবে। ট্রেন ছেড়ে দেওয়ার পর কোনও বুকিং অবৈধ বলে ধরা হবে। আপনি সেই ক্ষেত্রে টিকিট কাটলেও কোনও কাজ হবে না।
এবার পরিচয়পত্র জরুরি : মনে করে, ট্রেনে ভ্রমণের সময় আসল টিকিটের পাশাপাশি একটি বৈধ ছবিসহ পরিচয়পত্র (Photo ID) রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
কেন এই নিয়ম করল রেল
দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ের (SECR) অফিশিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেল থেকে এই বিষয়ে একটি সতর্কতামূলক ভিডিও পোস্ট করে নিয়মটি নিশ্চিত করা হয়েছে। সম্প্রতি এক নারী যাত্রী ট্রেনের ভেতর টিটিই-কে নিজের ভাইয়ের বুক করে দেওয়া টিকিটের হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেখান। তদন্তে দেখা যায়, ট্রেনটি স্টেশন ছাড়ার পর টিকিটটি বুক করা হয়েছিল। এই ঘটনার পরেই ওই যাত্রীকে জরিমানা করা হয় ও রেল এই নিয়মটি কড়াভাবে কার্যকর করার সিদ্ধান্ত নেয়।
যাত্রীদের মধ্যে অসন্তোষ
রেলের এই নতুন নির্দেশিকা সামনে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। বিশেষ করে বয়স্ক মানুষ এবং প্রযুক্তিতে অনভিজ্ঞ যাত্রীদের নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।অনেকেই প্রশ্ন তুলেছেন, পরিবারের কোনো সদস্য যদি বাড়ি বসে প্রবীণ বাবা-মায়ের জন্য লোকাল ট্রেনের টিকিট বুক করে দেন, তবে তাঁরা কীভাবে ভ্রমণ করবেন ?
