জয়পুর: আইপিএলে (IPL 2026) নিজের কেরিয়ারের দ্বিতীয় শতরান হাঁকিয়ে ফেলল বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavasnhi) । সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শনিবার নিজেদের ঘরের মাঠ সোয়াই মানসিংহ স্টেডিয়ামে ঝোড়ো ১০৩ রানের ইনিংস খেলল ছোট্ট বৈভব। ৩৬ বলে নিজের শতরান পূরণ করে সে। এই মরশুমে অরেঞ্জ আর্মির বিরুদ্ধে প্রথম সাক্ষাতে বৈভব খাতাই খুলতে পারেনি। কিন্তু এদিন ব্যাট হাতে ঝড় তুলল সে। নিজের ইনিংসে পাঁচটি বাউন্ডারি ও ১২টি ছক্কা হাঁকায় বৈভব। শুধু তাইই নয়, অরেঞ্জ ক্যাপের দৌড়ে কে এল রাহুলের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে রয়েছে সে এখন। আট ম্য়াচে বৈভবের ঝুলিতে ৩৫৭ রান এই মুহূর্তে।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় এদিন সানরাইজার্স হায়দরাবাদ। দলে ফিরেছিলেন অধিনায়ক প্যাট কামিন্স। রাজস্থান রয়্যালস হায়দরাবাদের বিরুদ্ধে তাঁদের আগের ম্য়াচটি অ্য়াওয়ে ম্য়াচ খেলেছিল। সেই ম্য়াচটি হারতে হয়েছিল তাঁদের। সেদিন প্রথম বলেই ক্যাচ আউট হয়ে ফিরতে হয়েছিল বৈভবকে। কিন্তু এদিন আর ভুল করল না ১৫ বছরের বৈভব।
রাজস্থানের ব্যাটিংয়ের প্রথম ওভারেই প্রফুল হিঙ্গেকে চারটি ছক্কা হাঁকায় বৈভব। দ্বিতীয় ওভারে প্যাট কামিন্স আক্রমণে এলে তাঁকেও কোনও সম্মান জানায়নি ছোট্ট বৈভব। একই ভঙ্গিতে শুধু বল গ্যালারিতে ফেলে যাচ্ছিল সে। জয়সওয়াল এহসান মালিঙ্গার বলে মাত্র ১০ রান করে ফিরে গেলেও আটকানো সম্ভব হয়নি বৈভবকে। ধ্রুব জুড়েলকে সঙ্গে নিয়ে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাচ্ছিল সে। পাওয়ার প্লে-র শেষ ওভারে মালিঙ্গাকেই একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মারে বৈভব।
পাওয়ার প্লে শেষ হলে সাধারণত ব্যাটাররা একটু খেলাটা ধীর করে দেন। উইকেট হারানোর সম্ভাবনা থাকে তখন, কিন্তু বৈভব তো একেবারে অন্য জাতের, তা ফের একবার বোঝালো সে। ১৪ বলে অর্ধশতরান পূরণ করে রাজস্থানের ওপেনার। আর এক বল কম খেললেই জয়সওয়ালের আইপিএলের ইতিহাসে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড ছুঁয়ে ফেলার সুযোগ থাকত।
অর্ধশতরান পূরণ করার পরও ঝড়ের গতিতে এগিয়ে যেতে থাকে বৈভব। এই ম্য়াচের আগে বৈভব অরেঞ্জ ক্যাপের দৌড়ে চার নম্বরে ছিল। কিন্তু এই ইনিংসের পর সে এখন ফের শীর্ষে উঠে এসেছে। কে এল রাহুলও আজ পঞ্জাবের বিরুদ্ধে ১৫২ রানের ইনিংস খেলেছিলেন। তিনিও অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষে উঠে এসেছিলেন। তাঁর সঙ্গেই যুগ্মভাবে এই মুহূর্তে এক নম্বরে আছে বৈভব।
