জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হোসে মারিও ডস স্যান্টোস মোরিনহো ফেলিক্স! ফুটবলবিশ্ব ৬৩ বছরের পর্তুগিজকে যদিও হোসে মোরিনহো (José Mourinho) নামেই চেনে। ৫ ফুট ১০ ইঞ্চির প্রাক্তন মিডফিল্ডার ফুটবলার হিসেবে কোনও কালেই সেভাবে নাম ডাক করেননি। ১৯৮০-৮৭, সাত বছরের সিনিয়র কেরিয়ারে নিজের দেশেরই চার ক্লাবে খেলেছেন। ফুটবলার মোরিনহোকে হয়তো ইতিহাস মনে রাখবে না। তবে ম্যানেজার মোরিনহো সর্বকালের সেরাদেরই একজন। ফুটবল দুনিয়া তাঁকে ডাকে ‘দ্য স্পেশাল ওয়ান’ নামেই।
কীভাবে হল গোলটি
৬৩ বছর বয়সেও মোরিনহোর মগজাস্ত্রে ফালাফালা হয়ে যায় প্রতিপক্ষের কোচের যাবতীয় স্ট্র্যাটেজি ও ট্যাকটিক্স। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি, বেনফিকা বনাম রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ফের দেখেছে মাস্টারমাইন্ড মোরনিহোকে। নিজেদের ঘরের মাঠ এস্তাদিয়ো দা লুজে বেনফিকা ৪-২ গোলে জিতে শেষ ষোলোর প্লে-অফে জায়গা করে নিয়েছে। ম্যাচের যোগ করা সময়ের অষ্টম মিনিটে মোরনিহো দলের ইউক্রেনিয়ান শটস্টপার অ্যানাটোলি ট্রুবিনকে নির্দেশ দেন, তিনি যেন দ্রুত গোল ছেড়ে প্রতিপক্ষের গোলের কাছে চলে এসে ফ্রি-কিকে অংশ নেন। বেনফিকার হয়ে নরওয়ের মিডফিল্ডার ফ্রেডরিক অরসনেস বক্স বরাবর নিখুঁত ফ্রি-কিক ভাসান। ট্রুবিন জটলার মধ্যেও একেবারে দুরন্ত ডাইভিং হেডারে অসাধারণ গোল করে দলকে উদযাপনে ভাসান। রিয়ালের তারকা গোলকিপার থিবো কার্তোয়া ঝাঁপিয়েও বল বাঁচাতে পারেননি। ট্রুবিন শুধুই তাঁর পেশাদার কেরিয়ারের প্রথম গোল করলেন না। তাঁর গোলেই টুর্নামেন্টে বেনফিকাকে এগিয়ে গেল। এই গোলটি তাঁর ট্রুবিন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনীয় সহযোদ্ধাদের উৎসর্গ করেছেন।
মোরিনহো-আরবেলোয়া
জাবি আলোন্সোকে ছাঁটাই করার পর রিয়াল এখন কোচ হিসেবে বেছে নিয়েছে দলের প্রাক্তন তারকা আলভারো আরবেলোয়াকে। ঘটনাচক্রে রিয়ালের জোড়া চ্যাম্পিয়ন্স লিগজয়ী তাঁর প্রাক্তন কোচের বিরুদ্ধেই রিয়ালকে খেলিয়েছেন। ২০১০-১৩ পর্যন্ত মোরিনহো ছিলেন রিয়ালের ম্যানেজার। তাঁর কোচিংয়ে স্পেনের রাইট ব্যাক হয়ে উঠেছিলেন মোরিনহোর লেফটেন্যান্টদেরই একজন। এখানেই শেষ নয় আরবেলোয়া কোচ হিসেবে মোরিনহোকে নিজের গুরু মানেন। খেলা শুরুর আগে মোরিনহোকে জড়িয়েও ধরেছিলেন। রিয়ালের কোচ হওয়ার পর আরবেলোয়া বলেছিলেন, ‘হোসে মরিনহোর অধীনে প্রশিক্ষণ পাওয়ার বিশেষ সুযোগ আমি পেয়েছি। যা ছিল বিরাট সম্মানের। উনি আমাকে প্রচুর প্রভাবিত করেছেন। তবে আমি যদি হোসে মরিনহোর মতো হওয়ার চেষ্টা করি তবে আমি শোচনীয়ভাবে ব্যর্থ হব।’
ক্ষমা চাইলেন মোরিনহো
অ্যানাটোলি ট্রুবিনের গোলের পর মোরিনহো শিশুর মতো আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন। উদ্দাম সেলিব্রেট করেছিলেন। যদিও মোরিনহো সাংবাদিক বৈঠকে এসে ক্ষমা চেয়ে নেন। তিনি বলেন, ‘আমি যেভাবে উদযাপন করেছি তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। কিন্তু আলভারো একজন ফুটবল অন্তঃপ্রাণ মানুষ। এবং তিনি পুরোপুরি বুঝেছিলেন যে সেই মুহূর্তে আমি ভুলে গিয়েছিলাম যে এটা রিয়াল মাদ্রিদ, এবং বেঞ্চে আলভারো আছে, মাদ্রিদের প্রতিনিধিরা আছে, চেন্দো আছে। সবাই নিজেদের লোক। সবকিছুই আমি ভুলে গিয়েছিলাম। আমি ক্ষমা চাইছি’।
রিয়ালে ফিরছেন মোরিনহো
মাদ্রিদের সংবাদমাধ্যম এএস-এর মতে, মোরিনহো আসন্ন গ্রীষ্মে বার্নাব্যুতে ফিরতে পারেন। পাশাপাশি মোরনিহো পেতে পারেন পর্তুগালের কোচ হওয়ারও প্রস্তাব। এই দুই বিরাট সুযোগই রয়েছে মোরিনহোর সামনে। মোরিনহো যদি পর্তুগালের দায়িত্ব নেন, তাহলে এই প্রথম আন্তর্জাতিক চাকরি করবেন তিনি। সেই ২০০০ সাল থেকে মোরিনহোর কোচিং কেরিয়ার শুরু। বেনফিকা, পোর্তো, চেলসি, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, টটেনহ্যাম হটস্পার, রোমা, ফেরেনবাখের মতো দলকে কোচিং করিয়েছেন। তবে কখনও কোনও দেশের কোচ হওয়ার সুযোগ পাননি। সকল ক্লাব মিলিয়ে ২৬টি মেজর ট্রফি পাওয়া মোরিনহোর, পরের স্টেশন কী হয়, সেদিকেই থাকবে সবার চোখ।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে BIG BREAKING! গ্রেফতার দেশের তারকা ব্যাটার, মদ্যপ হয়ে SUV চালিয়ে ৩…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল
