কলকাতা: সপ্তাহান্তেই বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) নির্ঘন্ট প্রকাশ হয়ে গিয়েছে। ২৩ ও ২৯ এপ্রিল, দুই দফায় বাংলায় নির্বাচন হবে এবার। তার আগে আজই তৃণমূল ২৯৪টি আসনে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সেই তালিকার অন্যতম চমক হলেন তিনি। বাংলা ক্রিকেট দলের কিংবদন্তি এবার ২২ গজের বদলে ভোটের ময়দানে মাঠে নামছেন। কে তিনি? তিনি হলেন শিবশঙ্কর পাল (Shiv Sankar Paul)।
বাংলা ক্রিকেট দলের হয়ে বহু যুদ্ধের ঘোড়া শিবশঙ্কর। দীর্ঘকায় ফাস্ট বোলার অতীতে ভারতীয় ‘এ’ দলের হয়ে খেলছেন। সাজঘর ভাগ করেছেন মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে। এমনকী ২০০৪-০৫ সালে অস্ট্রেলিয়া সফরে ভারতীয় টেস্ট দলে ডাকও পেয়েছিলেন তিনি। তবে জাতীয় দলের জার্সি গায়ে চাপানো হয়নি। কিন্তু তৃণমূলের জার্সি গায়ে চাপিয়েই টিকিট (TMC Candidate list) পেলেন শিবশঙ্কর।
অতীতে লক্ষ্মীরতন শুক্ল, মনোজ তিওয়ারিরা তৃণমূলের হয়ে ভোটযুদ্ধে নেমেছেন। লক্ষ্মী এখন বাংলার সিনিয়র দলের কোচ। আর তাঁর সহকারী হলেন শিবশঙ্কর। তাঁর জন্ম তুফানগঞ্জে। সেই তুফানগঞ্জ বিধানসভাতেই ভূমিপুত্র এবার তৃণমূল দলের হয়ে ভোটে লড়বেন। উল্লেখযোগ্য বিষয় হল তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার ঠিক কয়েক ঘণ্টা আগেই তৃণমূল ভবনে পার্থ ভৌমিক এবং চন্দ্রিমা ভট্টাচার্যের উপস্থিতিতে বাংলার মাঠে ম্যাকো নামে পরিচিত শিবশঙ্কর তৃণমূলে যোগ দেন।
ঘাসফুলে যোগ দিয়েই তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘আমি সারাজীবন বাংলার হয়ে মাঠে নেমেছি। এখন যখন বাংলা এবং বাঙালির বিরুদ্ধে আক্রমণ হচ্ছে, তখন বাংলার হয়ে যিনি লড়াই করছেন সেই মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলার হয়ে লড়াই করতে চাই। আমি মাঠের মানুষ, তাই বলব খেলা হবে।’ সেই সাংবাদিক সম্মেলনের কয়েক ঘণ্টা পরেই কিন্তু টিকিট পেলেন ম্যাকো।
তবে এ বছর তৃণমূল থেকে টিকিট পাননি শিবশঙ্করের প্রাক্তন সতীর্থ তথা বাংলার ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। মমতা বন্দোপাধ্যায়ের ঘোষিত প্রার্থী তালিকায় তাঁর নাম নেই। তাঁর পরিবর্তে বালির বিধায়ক ডাক্তার রানা চট্টোপাধ্যায়কে সেখানে প্রার্থী করা হয়েছে। অবশ্য শিবশঙ্করের আরেক সতীর্থ কিন্তু টিকিট পেয়েছেন। তবে তৃণমূল থেকে নয়, তিনি টিকিট পেয়েছেন বিজেপি থেকে। তিনি অশোক ডিন্ডা। বাংলার আরেক প্রাক্তন ফাস্ট বোলার। অতীতে বিজেপির হয়েই ময়না থেকে দাঁড়িয়ে জিতেছিলেন তিনি। এবার ফের একবার সেখান থেকেই লড়বেন ভারতের হয়ে ক্রিকেট খেলা ডিন্ডা।
