বেঙ্গালুরু: বুধবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB vs LSG) একাদশ দেখে অনেকে চমকে উঠেছিলেন। দলের সেরা ইউএসপি, বিরাট কিংগ কোহলির নাম কোথায়!
বিরাট কোহলিকে (Virat Kohli) বাদ দিয়েই আইপিএলের ম্যাচ খেলতে নামল আরসিবি?
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বুধবার আইপিএলের ২৩তম লিগ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম একাদশে নেই কোহলি। ম্যাচে আরসিবির অধিনায়ক রজত পাতিদার টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। আরসিবি রান তাড়ার জন্য মাঠে নামবে।
তবে, কোহলিকে বাদ দেওয়া হয়নি। বরং আরসিবির ইম্প্যাক্ট সাব খেলোয়াড়দের তালিকায় তাঁকে রাখা হয়েছে। যা থেকে এটা স্পষ্ট যে, রান তাড়া করার সময় কোহলি ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে দলে আসবেন। যার অর্থ, কোহলিকে মাঠে ফিল্ডিং করতে দেখা যাবে না। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল, হঠাৎ করে কেন কোহলিকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়া হল?
কেন বাদ পড়লেন বিরাট কোহলি?
RCB তাদের শেষ ম্যাচটি ১২ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলেছিল। এই ম্যাচে RCB প্রথমে ব্যাটিং করেছিল। কোহলি ৩৮ বলে ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫০ রান করেন। কিন্তু সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে কোহলিকে ফিল্ডিং করতে দেখা যায়নি।
জানা গিয়েছে, কোহলি গোড়ালির চোটের কারণে সমস্যায় ছিলেন। যে জন্য তিনি ফিল্ডিং করতে মাঠে নামেননি। এই কারণে কোহলিকে লখনউয়ের বিরুদ্ধে প্রথম একাদশে রাখা হয়নি। যদিও অধিনায়ক রজত পাতিদার টসের পর কোহলির চোট নিয়ে কোনও আপডেট দেননি।
লখনউয়ের বিরুদ্ধে RCB-র একাদশ
ফিল সল্ট, দেবদত্ত পাড়িক্কল, রজত পাতিদার (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), টিম ডেভিড, রোমারিও শেফার্ড, ক্রুণাল পাণ্ড্য, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড, সূয়স শর্মা, রাসিখ সালাম দার।
RCB-র সম্ভাব্য ইম্প্যাক্ট সাব
বিরাট কোহলি, বেঙ্কটেশ আইয়ার, জর্ডন কক্স, কণিষ্ক চৌহান, মঙ্গেশ যাদব।
– Josh Hazlewoood back for RCB.
– Virat Kohli slotted as an impact player. pic.twitter.com/gj8MBuzsyk
— CRICKET (@v_k_fan18) April 15, 2026
লখনউয়ের বিরুদ্ধে মরিয়া বেঙ্গালুরু
আরসিবি এই মরশুমে চারটি ম্যাচ খেলেছে। লখনউয়ের বিরুদ্ধে তাদের পঞ্চম ম্যাচ। এখনও পর্যন্ত তিনটি ম্যাচে জিতেছে আরসিবি। হেরেছে এক ম্যাচে। সব মিলিয়ে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তিন নম্বরে রয়েছে গত আইপিএলের চ্যাম্পিয়ন দল।
