May 14, 2026
af5647bb6e5db508ab11b17dd523c2d21778762484905507_original.jpg
Spread the love


রায়পুর: আইপিএলের যে জনাকয়েক ক্রিকেটার টুর্নামেন্টের সবকয়টি পর্বেই খেলেছে, তাঁদের মধ্যে অন্যতম হলেন মণীশ পাণ্ডে (Manish Pandey)। প্রায় দুই দশক পেরিয়ে গেলেও তিনি যে এখনও ফিল্ডিংয়ে অপরিহার্য, তা আবারও প্রমাণ করলেন মণীশ। রায়পুরে কলকাতা নাইট রাইডার্স গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে (Royal Challengers Bengaluru vs Kolkata Knight Riders) পরাজিত হয়েছে বটে, তবে সেই ম্য়াচেই সম্ভবত মরশুমের সেরা ক্যাচটি ধরে ফেললেন মণীশ পাণ্ডে। 

ম্যাচের তখন ১৮তম ওভার চলছে, ম্যাচ মোটামুটি আরসিবির নাগালে। সেই সময়েই কার্তিক ত্যাগীর বিরুদ্ধে সজোরে একটি কাট শট মারেন টিম ডেভিড। বল নিশ্চিত বাউন্ডারির দিকে ধেয়ে যাচ্ছিল। তবে তার আগেই কার্যত বাজপাখির মতো ছো মেরে সেই বল তালুবন্দি করেন ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়িয়ে থাকা মণীশ পাণ্ডে। তাঁর সেই ক্যাচ দেখে ধারাভাষ্যকার থেকে দলের সতীর্থ, সকলেই কার্যত স্তম্ভিত হয়ে যান।

বোলার ত্যাগী তো অবিশ্বাসে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়েন। টিম ডেভিডও খানিকটা স্তম্ভিত হয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন, তারপরে আম্পায়ারের দিকে ক্যাচের বৈধতা যাচাইয়ের জন্য তাকান। অপরপ্রান্তে নন স্ট্রাইকার বিরাট কোহলিও বিস্মিত হয়ে যান। হা করে তাকিয়ে থাকেন তিনি। মণীশ পাণ্ডের এই দুরন্ত ক্যাচ যে নিঃসন্দেহেই টুর্নামেন্টের সেরা ক্যাচগুলির অন্যতম, তা বলাই বাহুল্য। এই ক্যাচের পরে বিরাট কোহলিকেও একদা তাঁর অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ মণীশকে এই দুরন্ত ক্যাচের জন্য সাধুবাদ দিতে দেখা যায়। দুইজনে আলিঙ্গন করে সৌজন্য বিনিময়ও করেন।

 

তবে মণীশের এই ক্যাচ সত্ত্বেও কেকেআর ম্যাচে পরাজিতই হয়। কলকাতা নাইট রাইডার্সের ১৯২ তাড়া করে ৫ বল বাকি থাকতে লক্ষ্যপূরণ গতবারের চ্যাম্পিয়নদের। বিরাট কোহলি শুরু থেকে ছন্দে ছিলেন। নিজের রেকর্ড ম্যাচে বরুণ চক্রবর্তী-হীন কেকেআর বোলিংকে ছিঁড়ে খেলেন ‘কিং’, হাঁকালেন কেরিয়ারের নবম আইপিএল শতরান। ৬০ বলে ১০৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচের সেরা হলেন কোহলিই। আর হেরে হতাশায় ডুবল কেকেআর। চার ম্যাচ পরে নাইটদের বিজয়রথ থামল।     





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks