সন্দীপ সরকার, কলকাতা: মুম্বইয়ে এক দফা শ্যুটিং হয়ে গিয়েছে। রবিবার থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বায়োপিকের কলকাতা পর্বের শ্যুটিং শুরু হবে। প্রায় ২০০ জনের ইউনিট নিয়ে কালই হাজির হয়ে যাওয়ার কথা ছবির নির্মাতাদের।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে আগ্রহী অনেকেই। সৌরভের জীবনী নিয়ে যে সিনেমা তৈরি হচ্ছে, তা ঘোষণা হওয়ার পর থেকেই অনুরাগীদের অনেকেই জানতে আগ্রহী যে, কবে মুক্তি পাবে সিনেমা? শ্যুটিং শেষ হবে কবে?
এখনও পর্যন্ত ছবির নাম চূড়ান্ত হয়নি। তবে প্রাথমিকভাবে এই ছবির টাইটেল হিসেবে ব্যবহার করা হচ্ছে, ‘দাদা: দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি’। সৌরভের নামভূমিকায় দেখা যাবে রাজকুমার রাওকে। তান্যা মানেকতলা হবেন পর্দায় সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়।
আন্তর্জাতিক তারকা হলেও সৌরভ যেহেতু বাঙালি, সেই কারণে তাঁর বায়োপিকে দেখা যাবে একাধিক বাংলার অভিনেতা অভিনেত্রীকে। আগেই জানা গিয়েছিল, এই ছবিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মায়ের চরিত্রে দেখা যাওয়ার কথা, অপরাজিতা আঢ্য (Aparajita Auddy)-কে। একটা সময়ে শোনা গিয়েছিল, সৌরভের বাবার চরিত্রে দেখা যেতে পারে, ব্যোমান ইরানিকে। তবে জানা গিয়েছে, ব্যোমান ইরানি নন, সৌরভের বাবার চরিত্রে থাকবেন, এক বাঙালি অভিনেতাই। চণ্ডী গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে, শাশ্বত চট্টোপাধ্যায়কে (Saswata Chatterjee)।
আরও পড়ুন: মরণ-বাঁচন ম্যাচের আগে বিরাট ধাক্কা কেকেআরের, ছিটকে গেলেন আইপিএলে সবচেয়ে বেশি রান করা তরুণ!
শুক্রবার শোনা গেল, রবিবার, ২৪ মে থেকে শুরু হবে শ্যুটিংয়ের কলকাতা পর্ব। আগামীকাল, শনিবার রাজকুমার রাও, তান্যা মানেকতলা সহ বাকি অভিনেতা অভিনেত্রী ও শ্যুটিং ক্রু-র কলকাতায় এসে যাওয়ার কথা।
জানা গেল, কলকাতা পর্বে প্রায় ১৫ দিন টানা শ্যুটিং চলবে। দাদার শৈশব, কৈশোর থেকে শুরু করে ক্রিকেট খেলার শুরুর দিনগুলি দেখানো হবে পর্দায়। শোনা গেল, কলকাতা পর্বের শ্যুটিং হবে ইডেন গার্ডেন্স, দুখীরাম কোচিং সেন্টার, ইস্টবেঙ্গল মাঠ, সৌরভের বেহালার বীরেন রায় রোডের বাড়ি, কলকাতার রাস্তায়। প্রায় দুশোজন ইউনিট মেম্বার থাকবেন।
বলা হল, বায়োপিকের শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল কলকাতায়। কিন্তু আইপিএলের জন্য ইডেন পাওয়া যাচ্ছিল না। রবিবারই ইডেনে আইপিএলের শেষ ম্যাচ। তারপর থেকেই ইডেনে শ্যুটিং করা হবে। রবিবার রাজকুমাররা কি ইডেনে আইপিএল ম্যাচ দেখতে আসবেন? জানা গেল, শেষ মুহূর্তে অভিনেতা ইচ্ছেপ্রকাশ করলে ব্য়বস্থা করা হবে।
আরও পড়ুন: ইডেনে রবিবার থাকছে চমক, অভিনব শোয়ে কপিল-বর্ডার-ডালমিয়া-সৌরভ-লক্ষ্মণ! সঙ্গে কেকেআরও
