কলকাতা: নিজেদের আইপিএল (IPL 2026) ইতিহাসে সবথেকে খারাপভাবে মরশুম শুরু করার পরেও কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders ) একেবারে শেষবেলা পর্যন্ত প্লে-অফের দৌড়ে টিকে ছিল। তবে রাজস্থান রয়্যালস মুম্বই ইন্ডিয়ান্সকে হারাতেই সেই আশা শেষ হয়ে যায়। উপরন্তু, কেকেআর ঘরের মাঠে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে (KKR vs DC) পরাজিতও হয়। লিগ তালিকায় সপ্তম স্থানে শেষ করে নাইটরা।
গোটা মরশুম জুড়েই নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানেকে (Ajinkya Rahane) নিয়ে না না প্রশ্ন উঠেছে। তাঁর ব্যাটিং ফর্ম থেকে, অধিনায়কত্ব, সব ঘিরেই সমালোচনা হয়েছে। ব্যাট হাতে এ মরশুমে কেকেআরের নেতা মাত্র ২৫.৭৭ গড় ও ১৩৫.০৮-র স্ট্রাইক রেটে ৩৩৫ রান করেছেন। অধিনায়ক হিসাবেও তাঁর মার্কশিটে পাস মার্কস দেওয়া যাবে না। আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার দায়িত্ব নিয়ে রাহানে তত্ত্বাবধানে কেকেআর গত মরশুমে আট নম্বরে শেষ করেছিল, আর এ মরশুমে শেষ করল সাত নম্বরে। তাই স্বাভাবিকভাবেই তাঁকে নিয়ে প্রশ্ন উঠছে।
নিজের ভবিষ্যৎ ঘিরে প্রশ্ন নিয়ে মুখ খুললেন রাহানে নিজেই, জানিয়ে দিলেন তাঁর পরবর্তী পদক্ষেপ। ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাহানেকে বলতে শোনা যায়, ‘আমি আপাতত দুই দিন বিশ্রাম নেব। আমি মুম্বইতে ঘরোয়া লিগ খেলব এবং সেই লিগে খেলতে আমি সত্যিই মুখিয়ে রয়েছি। যতদিন ক্রিকেট খেলতে পারছি, ততদিন আমরা থেকে খুশি কেউ হবে না। তাই আপাতত দিন দুয়েকের বিশ্রাম এবং তারপরেই আমি আবার ক্রিকেটে ফিরব।’
আরও পড়ুন:- ম্যাচ হারল মুম্বই ইন্ডিয়ান্স আর হতাশার মরশুম শেষে লজ্জার রেকর্ডও গড়লেন রোহিত শর্মা
এর পাশাপাশি দলের ভবিষ্যৎ নিয়ে রাহানে জানান, ‘এখন তো দলের অনেকেরই বিভিন্ন কাজ রয়েছে। আমরা বাড়ি ফিরে খানিকটা বিশ্রাম করে তারপরে অবশ্যই ফোনে বা ভিডিও কলে একে অপরের সঙ্গে যোগাযোগ করে ভবিষ্যৎ নিয়ে কথাবার্তা বলব।’
ম্যাচের কথা বলতে গেলে এদিন প্রথমে ব্য়াট করে কেএল রাহুলের অর্ধশতরান এবং শেষের দিকে অক্ষর পটেল, আশুতোষ শর্মা এবং ডেভিড মিলারের ভাল হিটিংয়ে ভর করে দিল্লি ২০ ওভারে পাঁচ উইকেটে ২০৩ রান তুলেছিল। জবাবে কেকেআর শুরুটা মন্দ করেনি, অধিনায়ক রাহানে এদিন অর্ধশতরানও হাঁকান। তবে মিডল অর্ডারের সম্পূর্ণ ব্যর্থতায় নাইটরা ১৬৩ রানেই অল আউট হয়ে যায়। ৪০ রানে ম্যাচ জিতে নেয় রাজধানীর ফ্র্যাঞ্চাইজ়ি।
