লন্ডন: লর্ডসে সিরিজ় নির্ণায়ক তৃতীয় ওয়ান ডে ম্য়াচে ভারত এবং ইংল্যান্ড (ENG vs IND) একে অপরের মুখোমুখি হচ্ছে। এই ম্যাচের মাধ্যমেই তিন ম্যাচের সিরিজ়ের ভাগ্য নির্ধারিত হবে। সেই ম্যাচেই রোহিত শর্মা, বিরাট কোহলিসহ গোটা ভারতীয় দলকেই কালো আর্মব্যান্ড পরে মাঠে নামতে দেখা গেল। কিন্তু কেন?
শুক্রবারেই মতান্তরে বিশ্বের সর্বকালের সেরা অলরাউন্ডার তথা অনেকের মতে সেরা ক্রিকেটার স্যর গ্য়ারফিল্ড সোবার্স (Sir Garfield Sobers) প্রয়াত হয়েছেন। ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তির পরলোক গমনে চারিদিকে শোকের ছায়া। তারই মাঝে আয়োজিত হচ্ছে এই ম্যাচ। সেই ম্যাচেই স্যর গ্যারফিল্ড সোবার্সকে সম্মান জানাতে, তাঁর স্মৃতি উদ্দেশ্যে এই কালো আর্মব্যান্ড পরে নামে ভারতীয় দল। বিসিসিআইয়ের তরফে এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে। অবশ্য শুধু ভারত নয়, ইংল্যান্ডের খেলোয়াড়রাও কালো আর্মব্যান্ড পরেই এদিন মাঠে নেমেছেন।
#TeamIndia is wearing black armbands to pay tribute to West Indies legend Sir Garfield Sobers following his passing on Friday.#ENGvIND pic.twitter.com/cYXAWc40iT
— BCCI (@BCCI) July 19, 2026
৮৯ বছর বয়স হয়েছিল বিশ্ব ক্রিকেটের কিংবদন্তির। গোটা বিশ্ব এক ডাকে তাঁকে চেনে। আন্তর্জাতিক ক্রিকেটে সব ফর্ম্যাটে ভাল খেলার স্বীকৃতি হিসাবে যে পুরস্কার দেয় আইসিসি, সেই স্মারকেরও নামকরণ করা হয়েছিল তাঁরই নামে -স্যর গ্যারফিল্ড সোবার্স অ্যাওয়ার্ড। সেই সোবার্সই শুক্রবার বার্বাডোজ়ে নিজের বাড়িতে প্রয়াত হন। তাঁর মৃত্যুতে সুনীল গাওস্কর থেকে জেফ্রি বয়কট, সকলেই শোকজ্ঞাপন করেন। এবার সেই সোবার্সকে সম্মান জানাতেই এদিন এই বিশেষ উদ্যোগ নিল ভারত ও ইংল্য়ান্ড দুই দল।
আরও পড়ুন:- লর্ডসে সিরিজ় নির্ণায়ক ম্যাচেই নেই বুমরা, তারকা বোলারের উদ্বেগজনক আপডেট দিল বিসিসিআই
ম্যাচের কথা বলতে গেলে এদিন লর্ডসের বিখ্যাত বেল বাজিয়ে খেলা শুরুর ঘোষণা করেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার যুবরাজ সিংহ। ম্যাচে তাঁর শিষ্য হিসাবে পরিচিত শুভমন গিল অবশ্য এদিন ম্যাচে টস জিততে পারেননি। ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুকই ফের একবার টস জেতেন এবং এবার তিনি প্রথমে ব্য়াটিং করার সিদ্ধান্ত নেন। তবে গিল কিন্তু জানিয়েছিলেন টস জিতলে ভারতীয় দল ফিল্ডিংয়ের সিদ্ধান্তই নিত, তাই টস হারেও আখেরে ভারতের ক্ষতি হয়নি।
ম্যাচে এদিন ভারত তিন বদল ঘটায়। গত ম্যাচে খেলতে না পারা কেএল রাহুল এদিন একাদশে ফেরেন। তার সঙ্গে এদিন সুযোগ পান প্রিন্স যাদব ও অর্শদীপ সিংহও। শিবম দুবে এই ম্যাচে বসানো হয়। আর গত ম্যাচে খেলা বুমরা এবং ওয়াশিংটন সুন্দর চোটের কারণে এ ম্য়াচে খেলতে পারেননি।
