কলকাতা: বারবার ঘাড়ের সমস্যায় কাবু হচ্ছেন শুভমন গিল (Shubman Gill)। যে ব্যথার কারণে ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ থেকে ছিটকি গিয়েছিলেন। পরিস্থিতি এমনই হয়েছিল যে, ইডেন থেকেই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করতে হয় ভারত অধিনায়ককে। তাঁর পরিবর্তে ইডেন টেস্টের বাকি সময়ে ভারতীয় দলকে নেতৃত্ব দেন ঋষভ পন্থ।
তবে ভারতীয় শিবিরের পক্ষে স্বস্তির খবর হচ্ছে, হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে শুভমনকে। তাঁকে বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে রাখা হয়েছিল। বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষেণে ছিলেন তিনি। রবিবার সন্ধ্যায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে শুভমনকে। তাঁকে গলায় কলার পরে থাকতে বলা হয়েছে আপাতত। রবিবার নেক কলার পরেই হাসপাতাল থেকে বেরিয়ে গাড়িতে চেপে টিমহোটেলের দিকে রওনা দেন গিল।
ঠিক কী হয়েছে শুভমনের? চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেল, ইন্টার স্পাইনাস লিগামেন্ট ইনজুরি হয়েছে শুভমনের। তাঁর ঘাড়ের ডিস্ক সংক্রান্ত সমস্যা রয়েছে এবং সেই কারণেই বারবার ঘাড়ের ব্যথায় কাবু হচ্ছেন তিনি।
রবিবার ভারতীয় দলের অধিনায়ককে দেখতে হাসপাতালে গিয়েছিলেন কিংবদন্তি প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সিএবি প্রেসিডেন্ট গিয়ে শুভমনের শারীরিক অবস্থার খোঁজ নেন। শোনা গেল, টেস্ট ম্যাচ নিয়েও কথা হয়েছে দুজনের।
ইডেনে আড়াই দিনের মধ্যে ম্যাচ হেরে টেস্ট সিরিজে ০-১ পিছিয়ে রয়েছে ভারত। টেস্ট সিরিজে পরাজয় রুখতে হলে গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টে জিততেই হবে ভারতীয় দলকে। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের সকলের মনে এখন প্রশ্ন, সেই ম্যাচে কি খেলতে পারবেন শুভমন?
চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেল, সম্ভাবনা খুব কম। ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট ম্যাচ। হাতে মাত্র দিন চারেক সময়। শুভমনের ঘাড়ের যা অবস্থা, তাতে পুরোপুরি নমনীয়তা ফিরতে আরও সময় লাগতে পারে। গুয়াহাটিতেও শুভমনের খেলা নিয়ে তাই সংশয় থাকছে।
ঘাড় ও পিঠের উপরিভাগের ব্যথা, আড়ষ্ট হয়ে যাওয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শুভমন। শনিবার, ভারতের প্রথম ইনিংসে ব্যাট করতে নামলেও, যন্ত্রণায় কাবু হয়ে মাঠ ছাড়েন। আহত ও অবসৃত হয়ে। অনেকে ভেবেছিলেন, ব্যথা কমলে হয়তো ব্যাট করতে নামবেন গিল। কিন্তু পারেননি তিনি। ভারতের ৯ উইকেট পরতেই অল আউট ঘোষণা করা হয়। ফিল্ডিং করতেও নামেননি গিল। পরে দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার আগেই ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানিয়ে দেওয়া হয় যে, শুভমন ইডেন টেস্টে আর খেলতেই পারবেন না।
