eজি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নতুন বছরের প্রথম দিনেই কাজের কাজটা সেরে ফেলল অস্ট্রেলিয়া। আগামী ৭ ফ্রেব্রুয়ারি থেকে শুরু হতে চলা আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের সাময়িক দল ঘোষণা করে দিল (Australia Announces T20 World Cup 2026 Provisional Squad) ক্যাঙারু ব্রিগেড। ভারত-শ্রীলঙ্কা এবার যুগ্মভাবে কাপযুদ্ধের আয়োজন করছে। উপমহাদেশের ঘূর্ণি পিচের কথা মাথায় রেখেই অজিরা ৫ স্পিনার (৪ বিশেষজ্ঞ স্পিনার) নিয়েই দল সাজাল। ‘স্পিন-হেভি’ কম্বিনেশনেই কাপযুদ্ধে কামাল করতে চায় টি-২০ সংস্করণে বিশ্বের ২ নম্বর দল।
দলের কম্বিনেশন কী বলছে
এই দলে একমাত্র উল্লেখযোগ্য অনুপস্থিতি মাইকেল আওয়েন। টিম ম্যানেজমেন্ট চার বিশেষজ্ঞ স্পিনারকে দলে নেওয়ায় তাঁর সুযোগ হয়নি। মিচেল স্টার্ক এই ফরম্যাট থেকে অবসর নিলেও, অস্ট্রেলিয়া কোনও বাঁহাতি পেসারকে রাখেনি টিমে। পিঠের চোটের কারণে স্পেন্সার জনসন দলে সুযোগ পাননি। অন্যদিকে বেন ডোয়ারশিউসের আগে জেভিয়ার বার্টলেটকেই প্রাধান্য দেওয়া হয়েছে। কুপার কনোলির দলে চমকে দেওয়া এন্ট্রি। যিনি অস্ট্রেলিয়ার গত ১২টি টি-টোয়েন্টিআই ম্যাচের একটিতেও খেলেননি। ম্যাথিউ শর্ট, ম্যাথিউ কুনেম্যান এবং বার্টলেট তাঁদের বিশ্বকাপ অভিষেক করতে চলেছেন।
আরও পড়ুন: আর হ্যাপি নিউ ইয়ার, চলে গেল ১৩ বছরের ভাই! বিশ্বকাপের আগেই শোকে পাথর T20I অধিনায়ক…
বিশ্বকাপে প্যাট কামিন্সের সংশয়!
দলে কোনও রিজার্ভ উইকেটকিপারও নেই, জশ ইংলিসই একমাত্র উইকেটরক্ষক। দলে তারকা পেসার প্যাট কামিন্সকে রাখা হয়েছে ঠিকই। তবে তিনি ‘আহত বাঘ’। তাঁর দলে থাকা নির্ভর করছে চলতি মাসের শেষের দিকে নির্ধারিত পিঠের স্ক্যানের রিপোর্টের উপর। জশ হ্যাজেলউড এবং টিম ডেভিডও হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠার চেষ্টায়। আইসিসি নিয়ম অনুযায়ী দলগুলি ৩১ জানুয়ারি পর্যন্ত তাদের স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে। ফলে এখনও চূড়ান্ত দল ঘোষণার আগে এক মাস সময় রয়েছে।
ধীরে চলো নীতি অস্ট্রেলিয়ার
ক্রিকেট.কম.এইউ-কে নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি বলেছেন, ‘কামিন্স, হ্যাজেলউড এবং টিম ডেভিড ভালো ভাবেই সেরে উঠছে এবং আমরা আত্মবিশ্বাসী যে, তাঁরা বিশ্বকাপের উপলব্ধ থাকবেন। দেখুন এটি আমাদের প্রাথমিক দল, যদি কোনও পরিবর্তনের প্রয়োজন হয়, তবে তা নির্দিষ্ট সময়সীমার আগেই করা হবে। বিশ্বকাপের আগে পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টিআই সিরিজের জন্য দল পরে ঘোষণা করা হবে।’
ওমান, আয়ারল্যান্ড, জিম্বাবোয়ে এবং শ্রীলঙ্কার সঙ্গে গ্রুপ বি-তে অস্ট্রেলিয়া। ১১ ফেব্রুয়ারি কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাদের কাপ অভিযান শুরু। সুপার এইটের কিছু ম্যাচের জন্য ভারতে যাওয়ার আগে তাদের সব গ্রুপ ম্যাচ শ্রীলঙ্কায়। বিশ্বকাপের আগে মিচেল মার্শের নেতৃত্বাধীন দলটি পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টিআই সিরিজ খেলবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া দল: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, প্যাট কামিন্স, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস (উইকেটরক্ষক), ম্যাথিউ কুনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথিউ শর্ট, মার্কাস স্টোইনিস ও অ্যাডাম জাম্পা।
দলের ৫ স্পিনার যাঁরা: জাম্পা (লেগ-স্পিন বিশেষজ্ঞ), কুনেম্যান (বাঁ-হাতি অর্থোডক্স স্পিন বিশেষজ্ঞ), কনোলি (বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার)
গ্লেন ম্যাক্সওয়েল (অফ-স্পিন ও ব্যাটিং অলরাউন্ডার), শর্ট (অফ-স্পিনার ও টপ-অর্ডার ব্যাটার/অলরাউন্ডার
আরও পড়ুন: পন্থ নেই আর পরিকল্পনায়, ভারতীয় দলের দরজা বন্ধ চিরতরে! নীল নকশায় ২৭ বছরের এই স্টার!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
