নয়াদিল্লি : “একজন আইপিএল প্লেয়ার ও ভারতীয় ক্রিকেটার এসে আমাদের সঙ্গে কথা বলছেন, তখন সেটা চমৎকার লেগেছিল।” প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠানের সঙ্গে প্রথম কথোপকথনের মুহূর্ত স্মরণ করলেন পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার। ২০০৮ সালে আইপিএলের প্রথম সংস্করণের সময় হয়েছিল সেই সাক্ষাৎ। জিওস্টার-এর সঙ্গে কথা বলার সময় আইয়ার জানান, সেই সময় তিনি বল-বয় হিসাবে কাজ করছিলেন। সেই সময় একটা ওভার বল করা শেষ করার পর পাঠান তাঁর এবং তাঁর এক সঙ্গী ক্রিকেটারের কাছে এসে কথা বলেছিলেন। শ্রেয়স বলেন, “প্রথম যখন আপনাকে দেখেছিলাম, সেই সময়ের কথা মনে করতে পারি। আইপিএলের প্রথম মরশুমে আমি একজন বলবয় ছিলাম। আপনি পাঞ্জাবের হয়ে খেলছিলেন। সেই এক ওভার বল করা শেষ করেছেন। আরও একজন বলবয়ের সঙ্গে আমি বাউন্ডারি লাইনে বসেছিলাম। আপনি আমাদের কাছে এসে জিজ্ঞাসা করলেন কেমন লাগছে। আমরা বললাম, দারুণ লাগছে। সেইসময় এটা ভেবে খুব চমৎকার লেগেছিল যে একজন আইপিএল খেলোয়াড় ও একজন ভারতীয় ক্রিকেটার আমাদের সঙ্গে কথা বলছেন। খুব বিশেষ অনুভূতি ছিল সেটা।”
এরপরই কেরিয়ারের বিভিন্ন সময়ে কীভাবে চাপের মুখ থেকে বেরিয়ে এসেছেন বা সেই সময়ে তিনি কী করেছেন সেকথা শেয়ার করেন শ্রেয়স। তিনি বলেন, “মাঠের বাইরে প্রত্যাখ্যাত হতে হতে এবং খেলা হারতে হারতে ক্রিকেটার হিসাবে পরিণতি আসে। ছোট বয়সে, আমার ম্যাচ এবং নির্বাচন প্রক্রিয়ার সময়, অনেক কঠিন মুহূর্ত দেখেছি। ওঠা-নামা প্রত্যেকের জীবনের অংশ। কঠিন সময় থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন এবং সেটাকে যত তাড়াতাড়ি ইতিবাচকতায় পরিণত করতে পারবেন, ততই ভাল। নিজের সঙ্গে কথা বলা প্রয়োজন। অন্যরা সবসময় আপনাকে টেনে নীচে নামাতে চাইবেন। কিন্তু আপনি নিজেকে কীভাবে সামলাবেন সেটাই আসল ব্যাপার।” চলতি আইপিএল মরশুমে অসাধারণ খেলছে শ্রেয়স নেতৃত্বাধীন পাঞ্জাব সুপার কিংস। পরপর ৬টি ম্যাচ জিতে চূড়ান্ত সফল দল। আইপিএলের ইতিহাসে সবথেকে সফল রান তাড়া করে জয়ের মুখও এবার দেখেছে তারা। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। নয়া দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের সেই ম্যাচে তাক লাগিয়ে দিয়েছিলেন শ্রেয়সরা। ৭ বল বাকি থাকতেই ২৬৫ রানের টার্গেট ছুঁয়ে ফেলেছিল PBKS। শেষমেশ এবারের মরশুমে তারা কতটা সফল হয় সেটাই দেখার। Shreyas Iyer
