May 25, 2026
bbde20c74423ca4cc084d45aaaa92d2c1775824647523507_original.jpg
Spread the love


কলকাতা: বৃহস্পতিবার এক টানটান ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে একেবারে ম্যাচের শেষ বলে পরাজিত করে লখনউ সুপার জায়ান্টস (KKR vs LSG)। নাইটদের মুখের ডগা থেকে লখনউয়ের হয়ে জয় ছিনিয়ে আনেন মুকুল চৌধুরী। লখনউয়ের হয়ে ২৭ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলেন তিনি। তবে ম্যাচ শেষেও আম্পায়ারের এক সিদ্ধান্ত ঘিরে নাইট শিবিরের অন্দরের হতাশার সুর।

কেকেআরের ব্য়াটিং ইনিংসের দ্বিতীয় ওভারে  বল করতে আসেন প্রিন্স যাদব। সেই ওভারের চতুর্থ বল ঘিরেই যত নাটক, বিতর্ক। ঘণ্টায় ১৩৭ কিলোমিটার গতিতে শর্ট বল করেছিলেন প্রিন্স। বাউন্সারের ফাঁদে কেকেআর ওপেনার ফিন অ্যালেনকে (Finn Allen controversial out) বিপাকে ফেলার উদ্দেশ্য ছিল তাঁর। কিছুটা সফলও হন তিনি। পুল করতে গিয়েও ব্যাটের মাঝখানে লাগাতে পারেননি কিউয়ি তারকা। ব্যাটের একেবারে কানায় লেগে থার্ড ম্যানের দিকে উড়ে যায় বল। দ্বিগেশ রাঠি সেই বল তালুবন্দি করেন। রিপ্লে দেখে ফিন অ্যালেনকে আউট দেওয়া হয়। 

রিপ্লেতে দেখা যায়, দিগ্বেশ ক্যাচ নেওয়ার সময় তাঁর বাঁ পা বাউন্ডারির খুব কাছাকাছি ছিল, অনেকেই মনে করছেন তাঁর পা ক্যাচ নেওয়ার সময় দড়িতে স্পর্শ করে। সেক্ষেত্রে অ্যালেনকে আউট দেওয়ার পরিবর্তে, সেটিকে ছক্কা দেওয়া উচিত। তবে তৃতীয় আম্পায়ার সিদ্ধান্ত নেন যে দ্বিগেশের পা বাউন্ডারি লাইনে স্পর্শ করেনি, তাই অ্যালেনকে আট বলে নয় রান করেই সাজঘরে ফিরতে হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই কেকেআর শিবিরে অসন্তোষ।

 

লখনউ ম্য়াচ শেষে কেকেআর শিবিরের তরফে সাংবাদিক সম্মেলনে আসেন রোভম্যান পাওয়েল। অ্যালেনের আউটের বিষয় নিয়ে কথা বলতে গিয়ে কড়া ভাষারই প্রয়োগ করেন তিনি। ক্যারিবিয়ান তারকার মতে অ্যালেনকে আউট দেওয়ার সিদ্ধান্তটি আম্পায়ারের বিরাট বড় ভুল ছিল। তিনি বলেন, ‘নিঃসন্দেহেই (বিভিন্ন দিক থেকে দেখে ক্যাচটির বৈধতা বিচার করা উচিত ছিল)। ও সাজঘরে ফেরার পরও আমরা এটা নিয়ে বলাবলি করছিলাম। আমরা তো আইপিএলে দেখেছি যে এর থেকে আরও ছোট ছোট বিষয়েও তৃতীয় আম্পায়ারের সাহায্য নেওয়া হয়। হয়তো ওদের তরফে এটা বিরাট বড় একটা ভুল হয়েছে। তবে ওই ক্যাচের জন্যই আমরা আজ দুই পয়েন্ট হারিয়েছি, এই অজুহাতটা দেব না।’





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks