জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় ক্রীড়াজগতে আবার একটা খারাপ খবর। এবার ঘটনা একেবারে সাইয়ের হস্টেলে। কেরালার কোল্লামে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার (SAI) হস্টেলে উদ্ধার হল ২ কিশোরী প্রশিক্ষণার্থীর ঝুলন্ত দেহ। ২ কিশোরীর মধ্যে একজনের বয়স ১৫ বছর। আরেকজনের ১৭ বছর।
পুলিস সূত্রে জানা গিয়েছে, ১৫ ও ১৭ বছরের এই ২ প্রশিক্ষণার্থী কেরালার কোঝিকোড় এবং তিরুবনন্তপুরমের বাসিন্দা। এদিন ভোর ৫টার দিকে যখন অন্যান্য প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণের জন্য জড়ো হন, তখন তারা লক্ষ্য করে যে ওই ২ কিশোরী প্রশিক্ষণে উপস্থিত হয়নি। এরপরই ঘর থেকে তাদের ঝুলন্ত দেহ পাওয়া যায়। বার বার দরজায় ধাক্কা দেওয়ার পরও কোনও উত্তর না পাওয়ায় হস্টেল কর্তৃপক্ষ দরজা ভাঙে। দরজা ভেঙে দুই কিশোরীকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তারা।
সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিস। পুলিস এসে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ১৫ বছরের ওই কিশোরী দশম শ্রেণীর ছাত্রী ছিল। কবাডি খেলোয়াড় ছিল সে। আর ১৭ বছর বয়সী কিশোরী দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছিল। একজন অ্যাথলেটিক্স প্রশিক্ষণার্থী ছিল সে। ১৫ বছর বয়সী ওই কিশোরী অন্য একটি ঘরে থাকত। কিন্তু বুধবার রাতে তারা দুজন একসঙ্গে এক ঘরে ছিল। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় ঘর থেকে কোনও চিরকূট পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিস।
প্রসঙ্গত, কদিন আগেই হরিয়ানায় স্বর্ণপদকজয়ী জাতীয় কোচের হাতে কিশোরী শুটারের যৌন হেনস্থার খবর সামনে আসে। খেলার পর হোটেলের রুমে ডেকে ১৭ বছর বয়সী ওই কিশোরী শ্যুটারকে অভিযুক্ত জাতীয় কোচ অঙ্কুশ ভরদ্বাজ যৌন নির্যাতন করে, ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ! কিশোরী শুটার অভিযোগ করে, ‘আমাকে হোটেলের ঘরে ডেকে পিঠ ঘষে দিতে বলে, রাজি না হতেই জোর করে বিছানায় নিয়ে ফেলে, তারপরই…’ অভিযোগের ভিত্তিতে বরখাস্ত করা হয়েছে ওই কোচকে।
ওদিকে, হরিয়ানাতেই স্টেডিয়ামের বাথরুমে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে হকি কোচের বিরুদ্ধে। যার জেরে গর্ভবতীও হয়ে পড়ে ওই কিশোরী! ৪ মাসের মাথায় গর্ভপাতও হয়ে যায় তার। তারপরই গোটা ঘটনা সামনে আসে। অভিযোগ, প্রশিক্ষণ চলাকালীন-ই স্টেডিয়ামের বাথরুমের ভিতর তাকে ধর্ষণ করে কোচ। এই ঘটনায় অভিযুক্ত কোচকে গ্রেফতার করা হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
