জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সপ্তাহব্যাপী জল্পনার অবসান। শেষমেশ ঝরেই গেল স্মৃতি মন্ধানা-পলাশ মুচ্ছলের (Smriti Mandhana-Palash Muchhal) বিয়ের ফুল! ভারতীয় দলের বিশ্বকাপজয়ী স্টার ক্রিকেটার ইনস্টাগ্রামে, লম্বা পোস্ট করে জানিয়ে দিলেন যে, তিনি আর বলিউডের সংগীত পরিচালককে বিয়ে করছেন না। স্মৃতির ভাষায় বিয়ে ‘কলড অফ’!
স্মৃতির বাবার আচমকাই অসুস্থতা
গত ২৩ নভেম্বর মহারাষ্ট্রের সাংলিতে স্মৃতি-পলাশের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু সেই দিন সকালেই স্মৃতির বাবা শ্রীনিবাস মন্ধানা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বিয়ের অনুষ্ঠানও বাতিল হয়। ওদিকে পলাশও ফেঁসে যান চরম বিপাকে পড়ে। এক মহিলার সঙ্গে পলাশের চ্যাটের স্ক্রিনশটকে নেটপাড়ায় ভাইরাল হয়ে যায়। স্মৃতির সঙ্গে প্রতারণার অভিযোগে অভিযুক্ত হন পলাশ।
পলাশের চ্যাটের স্ক্রিনশট ভাইরাল
এরপর চরম মানসিক চাপের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। পলাশকেও এরপর হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। পলাশের মা অমিতা মুচ্ছল জানিয়ে ছিলেন যে, তাঁর ছেলেকে আইভি সাপোর্টের পাশাপাশি বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষাও করাতে হয়েছিল। এরপর সোশ্যাল মিডিয়ায় নতুন করে জল্পনা শুরু হয় যে, আগামী ৭ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন স্মৃতি-পলাশ।
আরও পড়ুন: মেসির জাদুস্পর্শে অবশেষে বেকহ্যামদের স্বপ্নপূরণ, ইতিহাস লিখেই কলকাতায় আসছেন GOAT…

ইনস্টায় স্মৃতি লিখলেন…
সপ্তাহজুড়ে যাবতীয় জল্পনা-কল্পনার অবসান ঘটালেন স্মৃতিই। ইনস্টাগ্রামে ‘জাতীয় ক্রাশ’ লিখলেন, ‘বিগত কয়েক সপ্তাহ ধরে আমার জীবন নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলছে। আমি মনে করি এই মুহূর্তে আমার কথা বলা গুরুত্বপূর্ণ। আমি খুবই ব্যক্তিগত মানুষ এবং আমি এভাবেই থাকতে চাই, কিন্তু আমার স্পষ্ট করে বলা দরকার যে বিয়ে বাতিল করা হয়েছে। আমি এই বিষয়টি এখানেই শেষ করতে চাই। আপনাদের সকলকেও একই অনুরোধ জানাচ্ছি। দয়া করে এই মুহূর্তে উভয় পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন এবং আমাদের নিজস্ব গতিতে এগিয়ে যাওয়ার সুযোগ দিন। আমি বিশ্বাস করি আমাদের সকলকে এক উচ্চতর উদ্দেশ্য চালনা করে। আমি সর্বদা সর্বোচ্চ স্তরে রেখেছি দেশের হয়ে প্রতিনিধিত্ব করা। আমি আশা করি যতদিন সম্ভব ভারতের হয়ে খেলা চালিয়ে যাব এবং দেশকে ট্রফি জেতাতে পারব এবং সেখানেই আমার মনোযোগ থাকবে। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ। এখন এগিয়ে যাওয়ার সময়।’

ইনস্টায় পলাশ লিখলেন…
স্মৃতির মতো লম্বা বিবৃতি দিয়েছেন তাঁর প্রাক্তনও। পলাশ লিখেছেন, ‘ আমি জীবনে এগিয়ে যাওয়ার এবং ব্যক্তিগত সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি। আমার জীবনের সবচেয়ে পবিত্র সম্পর্ককে ঘিরে মানুষ কী সহজেই ভিত্তিহীন গুজবে প্রতিক্রিয়া জানিয়েছেন। যা দেখা আমার পক্ষে খুবই কঠিন ছিল। আমার জীবনের সবচেয়ে কঠিন পর্যায়। আমার বিশ্বাসকে ধরে রেখে সুন্দর ভাবে তার লড়াই করব। আমি সত্যিই আশা করব, যে সমাজ হিসাবে, আমরা যাচাই না করেই, স্রেফ কিছু গসিপের উপর ভিত্তি করে কারোর বিচার করার আগে থামতে শিখব, যার উৎস কখনও সনাক্ত করা যায় না। আমাদের কথাগুলি এমনভাবে আঘাত করতে পারে যা আমরা কখনই বুঝতে পারি না। আমরা যখন এই বিষয়গুলি নিয়ে ভাবছি, তখন বিশ্বের অনেক মানুষ কঠোর পরিণতির মুখোমুখি হচ্ছে। আমার টিম মিথ্যা এবং মানহানিকর বিষয়বস্তু ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবে। এই কঠিন সময়ে যাঁরা আমার পাশে সদয়ভাবে দাঁড়িয়েছেন তাঁদের সকলকে ধন্যবাদ।
আরও পড়ুন: বিশ্বকাপে নেই নেইমার! ব্রাজিলের কোচ বললেন, ‘কারোর কাছে ঋণ নেই’…
বিশ্বকাপ জেতার আনন্দেই স্মৃতির হৃদয়ে প্রজাপতি উড়িয়েছিল বিয়ের প্রস্তুতি। বিশ্বকাপ ফাইনালের মাঠে পলাশের হাঁটু মুড়ে স্মৃতিকে আঁংটি দেওয়া থেকে হলদিতে দু’জনের দেদার সেলিব্রেশন। এসব রংই খুব দ্রুত ফিকে হয়ে গেল। স্মৃতি-পলাশের জীবন রাতারাতি বদলে গেল…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
