দুবাই: ফের ২২ গজে ভারত-পাক(India vs Pakistan) মহারণ। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে হাইভোল্টেজ মহারণ আবার। ২ চিরপ্রতদ্বন্দ্বী দেশের মুখোমুখি লড়াই। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে ইতিমধ্য়েই আসন্ন মহিলা টি-টোয়েন্টি এশিয়া কাপের(Womens T20 Asia Cup) জন্য সূচি ঘোষণা করা হয়েছে। আর সেখানেই ভারত-পাকিস্তান পরস্পর মুখোমুখি হতে চলেছে। আগামী ২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্য়ন্ত চলবে এই টুর্নামেন্ট। সেখানেই গ্রুপ পর্বের ম্য়াচে আগামী ৫ সেপ্টেম্বর মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।
মহিলাদের এশিয়া কাপে সাতবারের চ্যাম্পিয়ন ভারত। গ্রুপ এ-তে ভারত ও পাকিস্তানের সঙ্গে রয়েছে তাইল্যান্ড ও হংকং। গ্রুপ বি-তে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরশাহি ও ইন্দোনেশিয়া। প্রতি গ্রুপের শীর্ষে থাকা দুটো দল সেমিফাইনালে উঠবে। আগামী ১০ ও ১১ সেপ্টেম্বর সেমিফাইনাল ও ১৩ তারিখ খেতাবি লড়াইয়ে নামবে দুই ফাইনালিস্ট শিবির।
এশিয়া কাপের মহারণে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ভারতীয় মহিলা ক্রিকেট দল তিনবার খেতাব জিতেছে। ২০১২, ২০১৬ ও ২০২২ এ ট্রফি জিতেছে ভারত। মোট টি-টোয়েন্টি ফর্ম্য়াটে এশিয়া কাপে ২৮ ম্য়াচের মধ্য়ে ২৩ ম্য়াচে জিতেছে টিম ইন্ডিয়া। ৫ ম্য়াচে হেরেছে।
বিদেশি লিগে খেলবেন রাহানে?
কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অজিঙ্ক রাহানে। গত মরশুম পর্যন্তও কেকেআরের ক্যাপ্টেন ছিলেন আইপিএলে। এবার কানাঘুষো শোনা যাচ্ছে যে অজিঙ্ক রাহানে বিদেশি টি-২০ লিগে খেলতে যাচ্ছেন। যদিও তাঁর অবসরের পর মনে করা হচ্ছিল যে, তিনি কোচিং বা ধারাভাষ্যে নিজের কেরিয়ার গড়বেন। কিন্তু তিনি পেশাদার ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ইউরোপিয়ান টি-২০ প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণে খেলবেন। যে দলে তিনি যোগ দিয়েছেন, সেই দলের অধিনায়ক অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। এই দলে স্টিভ স্মিথ, টিম ডেভিডের মতো তারকা খেলোয়াড়ও রয়েছেন। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রাহানে ইউরোপিয়ান টি-২০ প্রিমিয়ার লিগে আমস্টারডাম ফ্লেমস দলের হয়ে খেলবেন। তিনি দলে মার্কি প্লেয়ার হিসেবে যোগ দিয়েছেন। ফ্র্যাঞ্চাইজি শুক্রবার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে, মার্কি প্লেয়ার হিসেবে দলের সঙ্গে যুক্ত হবেন রাহানে। আয়োজকদের আশা, রাহানের মতো নামী খেলোয়াড়ের যোগদানে টুর্নামেন্টেরই লাভ হবে। এই টুর্নামেন্টে ভারতের প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন-সহ আরও অনেক প্রাক্তন ক্রিকেটার খেলবেন।
রাহানে ২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটিয়েছিলেন টি-টোয়েন্টি ফর্ম্য়াটের মধ্যে দিয়ে। যদিও পরবর্তীতে নিজেকে টেস্ট স্পেশালিস্ট হিসেবে গড়ে তুলেছিলেন।
