
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন নতুন একটি পোর্টাল তৈরি করেছে। এই পোর্টাল আসলে আধার ভিত্তিক একটা পোর্টাল। ইপিএফও সদস্যরা এর মাধ্যমে তাঁদের পুরোনো বা নিষ্ক্রিয় হয়ে যাওয়া EPFO অ্যাকাউন্ট খুঁজে পেতে পারেন।

২০১৪ সালে চালু হয় UAN বা ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর। তার আগে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের লিঙ্ক না হওয়া একাধিক অ্যাকাউন্ট থাকতে পারে। ফলে এই ব্যবস্থা চালু হওয়ায় তাঁরা সব থেকে বেশি উপকৃত হবেন।

RTI বলছে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত ৩০ লক্ষ ৯০ হাজারের বেশি নিষ্ক্রিয় অ্যাকাউন্টে প্রায় ৯ হাজার ৩৩০ কোটি টাকা দাবিহীন অবস্থায় পড়ে রয়েছে।

২০১৪ সালের আগে প্রতিটি নতুন চাকরির ক্ষেত্রে আলাদা আলাদা ‘মেম্বার আইডি’ দেওয়া হতো। ফলে, চাকরি পরিবর্তনের পর বহু সদস্য তাঁদের পুরোনো অ্যাকাউন্ট আর খুঁজে পাননি।

২০১৪ সালে UAN চালু হয়। তারপর এই অ্যাকাউন্ট নম্বরের অধীনে একাধিক আইডি যুক্ত করা শুরু হয়। সেই সময় যাঁরা পুরোনো আইডি হারিয়ে ফেলেছিলেন, তাঁদের টাকাই আজ পড়ে রয়েছে দাবিহীন হয়ে।

নতুন এই পোর্টালে ইপিএফও সদস্যরা নিজেদের আধার যাচাই করে নিজের পরিচয় নিশ্চিত করতে পারেন। এর মাধ্যমে নিজের পুরোনো পিএফ অ্যাকাউন্ট খুঁজে নিয়ে সেই টাকা তোলা যাবে বা বর্তমানে চালু থাকা অ্যাকাউন্টে স্থানান্তর করে ফেলা যাবে।

পুরোনো পিএফের ডিটেল মনে না থাকলেও কর্মীরা আগে যে সংস্থায় চাকরি করতেন, সেই সংস্থার মাধ্যমে নিজের পুরোনো পিএফের মেম্বাই আইডি খুঁজে বের করতে পারেন।

আগের সংস্থা বন্ধ হয়ে গিয়ে থাকলে বা সাহায্য করতে না চাইলে প্রয়োজনীয় সব নথি নিয়ে স্থানীয় EPFO অফিসে যোগাযোগ করলে কর্তৃপক্ষ প্রয়োজনীয় তথ্য খুঁজে দেবে।

আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নম্বর যুক্ত থাকে তাহলে সেই নম্বর, প্যান কার্ড, ব্যাঙ্কের তথ্য ও পুরোনো পিএফ নম্বর থাকলেই ওই অর্থ তুলতে পারবেন আপনি।

আধার ভিত্তিক এই পোর্টাল ইতিমধ্যেই তৈরি হতে গেলেও কবে থেকে তা আনুষ্ঠানিক ভাবে চালু হবে, সেই কথা এখনও জানায়নি ইপিএফও।
Published at : 06 Aug 2026 09:37 AM (IST)