April 17, 2026
2de354698615915e1886e404e51d1082177636527370050_original.jpg
Spread the love


আমদাবাদ: শুক্রবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুভমন গিলের গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামার আগে কলকাতা নাইট রাইডার্স (GT vs KKR) শিবির নিশ্চয়ই পয়েন্ট টেবিলের দিকে তাকাতে চাইবে না। কারণ, পয়েন্ট টেবিল তীব্র হতাশা তৈরি করতে পারে নাইট শিবিরে। ৫ ম্যাচে মোটে এক পয়েন্ট। তাও সেটা বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাওয়ায়। দশ দলের টুর্নামেন্টে ১০ নম্বরে কেকেআর। প্লে অফের দৌড়ে থাকতে হলে বাকি ৯ ম্যাচের মধ্যে ৭টি জিততেই হবে নাইটদের। এমনকী, আটটি জিতলেও প্লে অফের স্বপ্ন ভেস্তে যেতে পারে। সবটাই নির্ভর করছে অন্য দলের ফলাফলের ওপর।

আর একটা ম্যাচ হারলেই গোটা টুর্নামেন্ট ডু অর ডাই ম্যাচে পরিণত হতে পারে কেকেআরের। এমনিতেই সমস্যায় জর্জরিত কেকেআর শিবির। চোট আঘাতের কথা না হয় বাদই দেওয়া হল। দলের সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার ক্যামেরন গ্রিন চূড়ান্ত ব্যর্থ। ফিন অ্যালেন আর রান পাচ্ছেন না। ১৮ কোটি টাকা দিয়ে কেনা মাথিশা পাথিরানা এখনও ম্যাচ খেলার অবস্থায় আসেননি। যে দুই ভারতীয় ক্রিকেটারকে সবচেয়ে গুরুত্ব দেয় কেকেআর, সেই রিঙ্কু সিংহ ও রামনদীপ সিংহ ছন্দ হাতড়ে বেড়াচ্ছেন।

আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সুনীল নারাইন ইনিংস ওপেন করলেও, সেটা সিএসকে-র বাঁহাতি স্পিনার আকিল হোসেনকে জব্দ করার জন্য। অজিঙ্ক রাহানে পরে নেমেছিলেন। যদিও গুজরাতের বিরুদ্ধে কোন দুজন ওপেন করেন, জানার কৌতূহল রয়েছে সকলেরই।

বোলিং বরং সেই তুলনায় সামান্য স্বস্তির। নারাইন ছন্দ ফিরে পাচ্ছেন। বৈভব অরোরা ও কার্তিক ত্যাগী নজর কাড়ছেন। কিন্তু রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীর খারাপ সময় কাটেনি। পাথিরানা শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থেকে ছাড়পত্র পেয়ে গেলেও লজিস্টিক্যাল কারণে তাঁকে এই ম্যাচে পাওয়া যাবে না বলেই খবর।

গুজরাতের অধিনায়ক শুভমন আবার কেকেআরের বাতিল। শুভমনকে ছেড়ে দেওয়া নিয়ে এখনও সমর্থকদের ক্ষোভের মুখে পড়তে হয় কেকেআরকে। গত মরশুমে ছেড়ে দেওয়া শ্রেয়স আইয়ার পঞ্জাব কিংসকে ম্যাচ জেতাচ্ছেন। রাহানের স্ট্রাইক রেট নিয়ে সেখানে গুরুতর প্রশ্ন। গুজরাতের শুভমন-সাই সুদর্শন জুটি এখনও ফুল ফোটাতে শুরু না করলেও, জস বাটলার ছন্দ ফিরে পেয়েছেন। বল হাতে দুরন্ত ছন্দে প্রসিদ্ধ কৃষ্ণ ও রশিদ খান।

কোনও কোনও মহল থেকে ক্যামেরন গ্রিনকে বসিয়ে টিম সাইফার্টকে খেলানোর জোরাল দাবি উঠছে। বীরেন্দ্র সহবাগের মতো কেউ কেউ গ্রিনকে বসানোর জন্য জোরাল সওয়াল করেছেন। এই পরিস্থিতিতে কি কঠিন সিদ্ধান্ত নেবে নাইট ম্যানেজমেন্ট?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks