লন্ডন: তাঁকে ছেঁটে ফেলা হবে ভারতীয় দল(Indian Cricket Team) থেকে, এমনই কানাঘুষো শােনা যাচ্ছিল। আগামী বছর বিশ্বকাপের(ODI World Cup 2027) জন্য ঘোষিত দলে তিনি না কি ফিট নন, এমন তথ্যও উঠে আসছিল। কিন্তু কথায় আছে না ‘পুরনো চাল ভাতে বাড়ে’, ঠিক তেমনটাই যেন হল লর্ডসের মাঠে। যে রোহিত শর্মাকে(Rohit Sharma) নিয়ে এত আলোচনা, তাঁর সাম্প্রতিক ফর্ম নিয়ে প্রশ্ন, সেই রােহিতই লর্ডসের মাঠে সেঞ্চুরি হাঁকিয়ে ফেললেন। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্য়াচে ভারত হারলেও রোহিতের ব্যাট থেকে বেরিয়ে এল ১১০ বলে ঝকঝকে ১৩৮ রানের ইনিংস। আর শতরানের পরই মাঠেই আবেগপ্রবণ হয়ে পড়লেন। ক্রিজ থেকেই ভালবাসার বার্তা ছুড়ে দিলেন স্ত্রী রীতিকার দিকে। দু’জনেরই চোখে জল তখন। সেই ক্লিপ ভাইরাল হল সোশ্য়াল মিডিয়াতেও।
রোহিত শর্মা এর আগেও একাধিকবার মাঠ থেকে গ্যালারিতে থাকা তাঁর স্ত্রী রীতিকা সাজদের দিকে ফ্লাইং কিস ছুড়ে দিয়েছেন। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের ওয়ান ডে কেরিয়ারের তৃতীয় দ্বিশতরান হাঁকানোর পরও স্ত্রী রীতিকার দিকে উড়ন্ত চুমু ছুড়ে দিয়েছিলেন। সেদিন ছিল তাঁদের বিবাহ বার্ষিকী, তাই ওই ইনিংসটি স্ত্রীকেই উৎসর্গ করেছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসের ইনিংসের পরও রোহিত গ্যালারিতে থাকা তাঁর স্ত্রীর দিকে তাকিয়ে চুমু ছুড়ে দেন।
নিজের ইনিংসে ১৭টি বাউন্ডারি ও পাঁচটি ছক্কা হাঁকান রোহিত। ভারতীয় ব্যাটার হিসেবে ওয়ান ডে ফর্ম্য়াটে রোহিতই প্রথম যিনি সেঞ্চুরি হাঁকালেন লর্ডসে। ৩৯ বছর ৮০ দিন বয়সে রোহিত ভারতের প্রবীণতম ব্যাটার হিসেবে ওয়ান ডে ফর্ম্য়াটে সেঞ্চুরি করলেন। প্রথমে ক্যাপ্টেন শুভমন গিলের সঙ্গে ১৪৭ রানের পার্টনারিশপ ও পরে বিরাট কোহলির সঙ্গে ১১৩ রানের পার্টনারশিপ গড়েন রোহিত।
লর্ডসে দুরন্ত ইনিংস খেলার পর অবসর প্রসঙ্গে মুখ খুলেছিলেন রোহিত। তিনি বলেন, ‘আমার কাজ শুধুই ভাল ব্যাটিং করা। আমার দেশের প্রতিনিধিত্ব করা। যখন থেকে আমি অভিষেক ঘটিয়েছি, তখন থেকেই এই বাইরের কথাগুলো চলে আসছে। যতক্ষণ আমি এখানে আছি, এমন কথা চলতেই থাকবে। এই সব আমার কাছে কোনও গুরুত্ব রাখে না। যেটা গুরুত্ব রাখে তা হল আমি মাঠে কী করি। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি, আমার দলের সাফল্যে অবদান রাখার চেষ্টা করি। এবং এখন আমার শুধু এই দিকেই মনোযোগ। আর এই বাইরের কথাগুলো হতে দিন, কারণ এগুলো না হলে মজা হবে না। আমার কাজ মাঠের ভেতরে আর বাকিদের মাঠের বাইরে।’
