লখনউ: কেকেআর ও লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants vs Kolkata Knight Riders), উভয়ের জন্যই কিন্তু আজকের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুইজনেই নিজেদের ভাগ্য বদলাতে মরিয়া। কেকেআর দুই পয়েন্ট পেলে লাস্টবয়ের তকমা ঘোচাবে আর লখনউয়ের বড় জয় তাদের লিগ তালিকায় পাঁচ নম্বরে পর্যন্ত তুলে আনতে পারবে। লড়াইটা মূলত কেকেআরের বোলিং বনাম লখনউয়ের ব্যাটিংয়েরই হতে চলেছে বলে অনেকের ধারণা। পাথিরানা যদি একাদশে ফেরেন এবং লখনউয়ের তারকাখচিত ব্যাটিং আক্রমণ যদি নিজের স্বভাবচিত ভঙ্গিমায় ব্যাটিং করতে সক্ষম হয়, তাহলে কিন্তু সপ্তাহান্তে এক টানটান লড়াইয়ের আশা করাই যায়।

আপাত অর্থে লিগ তালিকায় নয় বনাম দশের লড়াই, তবে সপ্তাহান্তে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচের গুরুত্ব নাইটদের জন্য অপরিশীম। টুর্নামেন্টের মাঝপথেও এই ম্যাচে পরাজয় কিন্তু কেরিয়ারের প্লে-অফের স্বপ্নে জল ঢেলে দিতে পারে। স্বাভাবিকভাবেই তাই ম্যাচ জিততে বদ্ধপরিকর কেকেআর। আর ম্যাচের আগে নাইট সমর্থকদের মাথায় যে প্রশ্নটি সবথেকে বেশি করে ঘোরাফেরা করছে সেটি হল মাথিশা পাথিরানা (Matheesha Pathirana) কি এই ম্যাচে খেলবেন?

দীর্ঘদিন চোটের কবলে থাকার পর অবশেষে আইপিএল খেলার ছাড়পত্র পেয়ে ভারতে চলে এসেছেন পাথিরানা। সোমবার তাঁকে ইডেনে একাই অনুশীলন করতে দেখা গিয়েছিল। রিপোর্টে দাবি করা হচ্ছিল তিনি ম্যাচ ফিট হয়ে গিয়েছেন। লখনউতে দলের সঙ্গে উড়ে গিয়ে হাসিমুখে নাইটদের অনুশীলনেও অংশগ্রহণ করতে দেখা গিয়েছে লঙ্কান তারকা ফাস্ট বোলারকে। তাঁর আগমন যে গত ম্যাচে মরশুমের প্রথম জয় পাওয়া নাইট দলের মনোবল বাড়িয়েছে, তা বলাই বাহুল্য। কিন্তু লখনউয়ের বিরুদ্ধে তাঁর খেলা নিয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানাতে নারাজ নাইট কর্তৃপক্ষ।

Source link