হায়দরাবাদ: নাগাড়ে পাঁচ জয়ের পরে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে পরাজিত হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। অপরদিকে, পঞ্জাব কিংসও চলতি আইপিএলে (IPL 2026) ছয় ম্যাচের অপ্রতিরোধ্য দৌড় শেষে দুই ম্যাচে পরপর হেরেছিল। জয়ের সরণিতে ফিরতে মরিয়া দুই দলই আজ একে অপরের বিরুদ্ধে (SRH vs PBKS) মাঠে নেমেছে। সেই ম্যাচের প্রথম ইনিংসে ব্যাটে নেমে রানের পাহাড়ে সানরাইজার্স। ট্র্যাভিষেকের ঝোড়ো ওপেনিংয়ের পর ঈশান কিষাণ (Ishan Kishan) ও হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen) দুরন্ত অর্ধশতরান হাঁকালেন। আর এই চার ব্যাটারের ইনিংসে ভর করেই ২০ ওভারে চার উইকেটের বিনিময়ে ২৩৫ রান তুলল নবাবের শহরের ফ্র্যাঞ্চাইজ়ি।
টস জিতে শ্রেয়স আইয়ার প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বটে, তবে পাটা পিচে শুরুতেই ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মা বিধ্বংসী মেজাজে ইনিংস শুরু করেন। প্রথম ওভারেই শুরু হয় আক্রমণ। অভিষেক চার চারটি ছক্কা মারেন। তবে তাঁর ১৩ বলে ৩৫ রানের ইনিংস থামান লকি ফার্গুসন। তাও পাওয়ার প্লের ছয় ওভার শেষ হওয়ার আগেই ৭৯ রান যোগ করে ফেলে সানরাইজার্স। পাওয়ার প্লের পরপরই বড় শট মারতে গিয়ে ৩৮ রানে যুজবেন্দ্র চাহালের শিকার হন হেড।
আরও পড়ুন:- কেন গত বারের চ্যাম্পিয়ন আরসিবির ‘হোমগ্রাউন্ডে’ হবে না আইপিএল ফাইনাল? জানাল বিসিসিআই
তবে এতেও ইনিংসের গতি কমেনি। ঈশান কিষাণ ও ক্লাসেন ইনিংস গড়ার কাজ চালিয়ে যান। ঈশান ২৮ বলে অর্ধশতরানও পূরণ করেন। তবে তিন তিনবার জীবনদান পান তিনি। ক্লাসেনও ৩২ বলে হাফসেঞ্চুরি হাঁকান। তাঁর পাওয়ার হিটিং ছিল চোখে পড়ার মতো। ঈশানকে ৫৫ রানে অর্শদীপ সিংহ সাজঘরে ফেরালেও, ক্লাসেন শেষ পর্যন্ত টিকে থাকেন। তাঁকে যোগ্য সঙ্গ দেন নীতীশ কুমার রেড্ডি। দুইজনে শেষের দিকে ৩২ বলে ৬৩ রান যোগ করেন। ক্লাসেন ৬৯ রানে অপরাজিত থাকেন, নীতীশ ১৩ বলে ২৯ রানের ইনিংস খেলেন। দল পৌঁছে যায় রানের পাহাড়ে।
অবশ্য পঞ্জাব কিংসের দখলেই সবথেকে অধিকবার দু’শোর বেশি রান তাড়া করে জয়ের কৃতিত্ব রয়েছে। এই মরশুমেও একাধিকবার শ্রেয়স আইয়াররা দু’শোর বেশি রান তাড়া করে জিতেছেন। তাই এই ম্যাচে বড় রান তুললেও, সানরাইজার্স কিন্তু সম্পূর্ণ নিশ্চিত হতে পারবে না। এবার দেখার শ্রেয়স আইয়ারের দল পুনরায় বড় রান তাড়া করে ম্যাচ জিততে পারে কি না।
