ধর্মশালা: গত বার নেট রান রেটের জন্য কোয়ালিফায়ার ১-এ (IPL Play offs) খেলা থেকে বঞ্চিত হয়েছিল গুজরাত টাইটান্স। তবে গত মরশুমের সমান পয়েন্ট সংখ্যাই এবারে তাদের আইপিএল (IPL 2026) টেবিলে দ্বিতীয় স্থানে শেষ করে কোয়ালিফায়ার ১-এ জায়গা করে নেওয়ার জন্য যথেষ্ট ছিল। টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধে সাত ম্যাচের মধ্যে মাত্র একটি পরাজয় ও ছয় জয়ে দুরন্ত ফর্মেও রয়েছে শুভমন গিলের নেতৃত্বাধীন দল।
অপরদিকে, গত বারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এ মরশুমেও ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করেছে। প্রথমার্ধে তারা পাঁচটি ম্যাচ জিতেছে এবং দ্বিতীয়ার্ধে জেতে চার ম্যাচ। লিগ তালিকায় প্রথমে শেষ করার দৌলতে কোয়ালিফায়ার ১-এ মঙ্গলবার দৃষ্টিনন্দন ধর্মশালা স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেটের ‘প্রিন্স’-র দলের বিপক্ষে নামনে ‘কিং কোহলির’ আরসিবি (RCB vs GT)।
গোটা মরশুম জুড়ে আরসিবি এবং গুজরাত টাইটান্সই সবথেকে কম ক্রিকেটার ব্যবহার করেছে, যা প্রমাণ করে দেয় এই দুই দলের কারুরই একাদশ বাছাই করার বিষয়ে অন্তত খুব একটা চিন্তা নয়। অবশ্য আরসিবির ক্ষেত্রে একটা প্রশ্ন আছে বটে। চোট সারিয়ে সদ্য মাঠে ফেরা ফিল সল্টকে তাঁরা একাদশে ফেরাবে না অল্প সুযোগেই নজরকাড়া বেঙ্কটেশ আইয়ারের উপর ভরসা করবে? তার জবাব অবশ্য ম্যাচের টসেই পাওয়া যাবে।
আরও পড়ুন:- ব্যাটিং থেকে নেতৃত্ব সবেতেই উঠেছে প্রশ্ন, KKR-র মরশুম শেষে নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন রাহানে
তবে একটা বিষয় নিশ্চিত ফাইনালের টিকিট পাকা করার লক্ষ্যে মঙ্গলবার কিন্তু একেবারে সেয়ানে সেয়ানে টক্কর হতে চলেছে। দুই দলের মধ্যে ভারসাম্য আর দক্ষতার নিরিখে কিন্তু অন্তত খাতায় কলমে পার্থক্য করাটা খুব কঠিন। এমনকী অতীত পরিসংখ্যানের নিরিখেও আরসিবি ও গুজরাত টাইটান্স একেবারে সেয়ানে সেয়ানে। অতীতে দুই মোট আটবার আইপিএলের মঞ্চে মুখোমুখি হয়েছে, যার মধ্যে দুই দলের দখলেই চারটি করে জয় রয়েছে। এ মরশুমেও একে অপরের বিরুদ্ধে দুই দলই একটি করে ম্য়াচ জিতেছে। তাই অতীত পরিসংখ্যান থেকে, দলগুলির সাম্প্রতিক ফর্ম ও পারফরম্যান্স যে একেবারে টানটান লড়াইয়ের আভাস দিচ্ছে, তা বলাই বাহুল্য।
আইপিএল ২০২৬ এর প্লে অফের প্রথম কোয়ালিফায়ার তো অবশ্যই, এমনকী প্লে অফের কােনও ম্যাচেই রিজার্ভ ডে নেই। তাই ম্যাচে বৃষ্টি হলে, কী হবে, সেই নিয়ে সমর্থকদের মনে একটা আশঙ্কা আছে বটে। কিন্তু সুখবর হল হাওয়া দফতের পূর্বাভাস অনুযায়ী ম্যাচের সময় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাই ৪০ ওভারের সম্পূর্ণ একটা ম্যাচের আশা করাই যায়।
