রায়পুর: রুদ্ধশ্বাস ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে যেন পয়েন্ট টেবিলে সঞ্জীবনী আদায় করে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলে এক নম্বরে উঠে এসেছে আরসিবি। সেই সঙ্গে প্লে অফের দৌড় থেকে বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের।

তবে রায়পুরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের পরই বড় দুঃসংবাদ আরসিবি শিবিরে। বড় শাস্তি হল বিরাট কোহলি, রজত পাতিদারদের কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের (Andy Flower)। তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ। যে কারণে অ্যান্ডি ফ্লাওয়ারের ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আইপিএলের আচরণবিধির লেভেল ওয়ান ভাঙার অপরাধে অভিযুক্ত তিনি।

রবিবার রায়পুরে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) মুখোমুখি হয়েছিল আরসিবি। রায়পুর আরসিবির সেকেন্ড হোম। রুদ্ধশ্বাস সেই ম্যাচে শেষ বলে নাটকীয়ভাবে ম্যাচ জিতে নেয় আরসিবি।

আইপিএল এক বিবৃতিতে জানিয়েছে, আইপিএলের আচরণবিধির ২.৩ ভেঙেছেন ফ্লাওয়ার। কী অপরাধ জ়িম্বাবোয়ের প্রাক্তন কিংবদন্তির? ম্যাচের মাঝে অশালীন শব্দপ্রয়োগ করার অভিযোগ উঠেছে ফ্লাওয়ারের বিরুদ্ধে। ঘটনাটি আরসিবি ইনিংসের ১৭.২ ওভারের। মুম্বই ইন্ডিয়ান্সের ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তখন রুদ্ধশ্বাস পরিণতির দিকে এগোচ্ছে ম্যাচ। চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্কাতর্কিতে জড়ান ফ্লাওয়ার।

ক্রুণাল পাণ্ড্যর একটি শট ঘিরে বিতর্ক। মুম্বই ইন্ডিয়ান্সের আফগান স্পিনার এ এম ঘজনফরকে লং অনের ওপর দিয়ে বাউন্ডারির বাইরে ফেলার চেষ্টা করেন সিনিয়র পাণ্ড্য। নমন ধীর (Naman Dhir) বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন। তিনি ক্যাচটি ধরতে যান। তারপরই তিনি ভারসাম্য রাখতে পারবেন না বুঝে বলটি বাউন্ডারির ভেতরে থাকা তিলক বর্মার দিকে বলটি ঠেলে দেন। তিলক ক্যাচটি ধরতে পারেননি। তিনি ইশারা করে ছয় হয়ে যাওয়ার ইঙ্গিত করেন। তিলক হয়তো ভেবেছিলেন যে, নমন বলটি ধরার সময় বাউন্ডারি লাইনের ওপর কুশনে পা ছুঁইয়ে ফেলেছেন। তাই ছক্কার ইঙ্গিত করেন। যদিও রিপ্লেতে দেখা যায় নমন ধীর বাউন্ডারি লাইন স্পর্শ করেননি। আম্পায়ার তাই কোনও বাউন্ডারির ইশারা করেননি।

এদিকে সেই সময় পেশির টান নিয়ে লড়াই করা ক্রুণাল দৌড়েও কোনও রান নেননি। তিনিও ধরে নিয়েছিলেন বাউন্ডারি হয়ে গিয়েছে। সেষ পর্যন্ত বলটি ডট হয়। অভিযোগ, তখনই মেজাজ হারিয়ে অশ্রাব্য শব্দপ্রয়োগ করেন।

আরও পড়ুন: ছিটকে গিয়েছে লখনউ-মুম্বই, আইপিএলের প্লে অফে উঠতে পারবে কেকেআর? কী বলছে অঙ্ক?

Source link