সন্দীপ সরকার, কলকাতা: বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি-র ইতিহাসে এরকম বিতর্ক কখনও হয়েছে কি?
অভিযোগ, ৩১ মে ইডেন গার্ডেন্সে কিংবদন্তি ক্রিকেটার পঙ্কজ রায়ের জন্মদিন পালন হয়েছিল বাসি ফুল দিয়ে। বাবার জন্মবার্ষিকী পালনে আমন্ত্রণ জানানো হয়নি তাঁকে, জানিয়েছিলেন খোদ প্রণব রায়। যিনি ভারতের হয়ে খেলেছেন। বাংলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কও। সেই খবর প্রথম লিখেছিল এবিপি লাইভ বাংলা। যা নিয়ে ময়দানে শোরগোল পড়ে গিয়েছিল। সিএবি-র একাধিক পদাধিকারী স্বীকার করে নিয়েছিলেন, প্রণব রায়কে আমন্ত্রণ জানাতে ভুলে গিয়েছিলেন।
তবে সকলকে চমকে দিয়ে সেদিনই রাতের দিকে সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জোড়া বিবৃতি দেন। অভিযোগ উড়িয়ে তিনি দাবি করেন, প্রণব রায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল। পাশাপাশি বাসি ফুল দিয়ে পঙ্কজ রায়ের জন্মদিন পালনের খবর ভিত্তিহীন বলে দাবি করেছিলেন সৌরভ। সিএবি-র বিবৃতিতে লেখা হয়েছিল, ‘এই প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যে। মানুষকে ভুল বোঝানোর চেষ্টা। টাটকা ফুলের সাজেই কিংবদন্তিদের শ্রদ্ধা জানানো হয় সিএবিতে।’
যদিও সিএবি-র বিশ্বস্ত কয়েকটি সূত্র তারপরেও স্পষ্ট দাবি করেছিল যে, ৩০ মে প্রয়াত ক্রিকেট প্রশাসক জগমোহন ডালমিয়ার জন্মবার্ষিকী পালন করা হয়েছিল যে ফুল দিয়ে, সেই বাসি ফুলেই পরের দিন পঙ্কজ রায়ের জন্মবার্ষিকী পালন করা হয়। এমনকী, জগমোহন ডালমিয়ার প্রতিকৃতিতে যে মাল্যদান করা হয়েছিল, সেই মালা দিয়েই পঙ্কজ রায়কে শ্রদ্ধা জানানো হয়ে বলে চাঞ্চল্যকর অভিযোগ ওঠে।
এবার সিএবি-র অস্বস্তি বাড়িয়ে ২৪ ঘণ্টার সিসিটিভি ফুটেজ চেয়ে সচিব বাবলু কোলেকে চিঠি পাঠালেন প্রণব রায়। যে চিঠির কপি রয়েছে এবিপি লাইভ বাংলার হাতে। প্রণবের যুক্তি, সিসিটিভি ফুটেজ প্রকাশ করলেই সত্যিটা বোঝা যাবে। এ ব্যাপারে সিএবি-র তৎপরতা চাইছেন বাংলার প্রাক্তন অধিনায়ক।
মঙ্গলবার সিএবি-কে পাঠানো ই-মেলে প্রণব রায় লিখেছেন, ‘৩১ মে আমার প্রয়াত পিতা পঙ্কজ রায়ের জন্মবার্ষিকী পালনে বাসি ফুল ব্যবহার করা হয়েছিল বলে চর্চা চলছে। এ নিয়ে ভুল ধারণা ভাঙাতে আসলে কী ঘটেছিল খতিয়ে দেখা জরুরি। যেখানে আমার বাবার জন্মবার্ষিকী পালিত হয়েছে, ক্লাব হাউসের সেই জায়গাটি সিসিটিভি দিয়ে মোড়া। ৩০ মে সন্ধ্যে ৬টা থেকে ৩১ মে সন্ধ্যে ৬টা পর্যন্ত ওই জায়গার ও সংলগ্ন আম্পায়ার্স কমিটি রুমের করিডর পর্যন্ত সিসিটিভি ফুটেজ আমাকে দেওয়া হলে কৃতজ্ঞ থাকব। আমি নিশ্চিত সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হলে সত্য উদঘাটিত হবে এবং স্বচ্ছভাবে গোটা ঘটনার সমাপ্তি ঘটবে।’
এবিপি লাইভ বাংলাকে বেশ ক্ষোভের সঙ্গেই প্রণব রায় বললেন, ‘হ্যাঁ, আমি চিঠি দিয়েছি। পঙ্কজ রায়ের মতো প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের জন্মদিন পালনের ক্ষেত্রে বাসি ফুল ব্যবহার করার যে অভিযোগ উঠেছে, সেটা শুনে আমি বেশ বিচলিত। সিএবি-র কাছে আমি সিসিটিভি ফুটেজ চেয়েছি। সেটা থেকেই আশা করছি সব স্পষ্ট হয়ে যাবে। ঠিক কী হয়েছিল, সেটাও জানা যাবে।’ যোগ করলেন, ‘আমাকে সিএবি-র কেউ আমন্ত্রণ জানায়নি। পরে সিএবি-র যুগ্মসচিব মদন ঘোষ ও কোষাধ্যক্ষ সঞ্জয় দাসের সঙ্গে কথা হয়। সিএবি কোষাধ্যক্ষ ফোনে ক্ষমা চেয়ে নেওয়ার পাশাপাশি দুঃখপ্রকাশ করে আমাকে মেসেজও করেছেন। তারপরেও সিএবি কী করে বিবৃতি দিল যে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে? বিবৃতি দেওয়ার আগে যাচাই করাটা জরুরি ছিল।’
