বঢোদরা: ভারত বনাম নিউজ়িল্যান্ড (IND vs NZ) ওয়ান ডে সিরিজ শুরু হওয়ার আগে জোরাল ধাক্কা খেল ভারতীয় দল। রবিবার, ১১ই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। রবিবার প্রথম ম্যাচ বঢোদরায়। তার আগে টিম ইন্ডিয়ার জন্য খারাপ খবর। কারণ ঋষভ পন্থ চোটের কারণে ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে গেলেন।
শনিবার বঢোদরায় অনুশীলনের সময় ঋষভ পন্থের কোমরের উপরের অংশে চোট লাগে। পিটিআই সূত্রে খবর, ঋষভ পন্থ যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বিসিএ স্টেডিয়াম থেকে বেরিয়ে আসেন।
ঋষভ পন্থের পাশাপাশি কে এল রাহুল ওয়ান ডে দলে উইকেটকিপার হিসাবে রয়েছেন। এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) আহত ঋষভ পন্থের পরিবর্ত ঘোষণা করেনি। জল্পনা চলছে যে, ঈশান কিষান তাঁর জায়গা নিতে পারেন। যিনি টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলে বিকল্প উইকেটকিপার হিসাবে নির্বাচিত হয়েছেন।
শনিবার ঋষভ পন্থ বেশ কিছুক্ষণ ব্যাটিং অনুশীলন করেন। থ্রো ডাউন বিশেষজ্ঞরা তাঁকে ব্যাটিংয়ের অনুশীলন করাচ্ছিলেন, তখনই ফ্রন্ট ফুটে ডিফেন্স করার সময় একটি বল তাঁর কোমরের উপরের অংশে লাগে। প্রধান কোচ গৌতম গম্ভীর এবং সাপোর্ট স্টাফ, মাঠে পন্থের অবস্থা জানতে আসেন। মেডিক্যাল টিমের চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পর ঋষভ পন্থকে বিসিএ স্টেডিয়াম থেকে বার করে নিয়ে যান। এরই মধ্যে ভারতীয় ওয়ান ডে এবং টেস্ট দলের অধিনায়ক শুভমন গিলকে বেশ কিছুক্ষণ প্রধান নির্বাচক অজিত আগরকরের সঙ্গে কথা বলতে দেখা যায়।
ঋষভ পন্থ শেষবার ২০২৪ সালের জুলাই মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর জন্য ভারতীয় দলের সদস্য ছিলেন, তবে তাঁর একটিও ম্যাচ খেলার সুযোগ হয়নি। তিনি সম্প্রতি বিজয় হাজারে ট্রফি ২০২৫-২৬-এ দিল্লি দলের অধিনায়কত্ব করেছেন। ভারতের এই ঘরোয়া লিস্ট এ টুর্নামেন্টে তিনি ২টি অর্ধশতরানের ইনিংসও খেলেছেন।
অন্যদিকে, যখন মহম্মদ সিরাজ ব্যাটিং অনুশীলন করছিলেন, তখন তাঁর শট মারতে সমস্যা হচ্ছিল। তাঁকে ব্যাটিংয়ের উন্নতির জন্য রোহিত শর্মার সঙ্গে কথা বলতে দেখা যায়।
ভারত বনাম নিউজ়িল্যান্ড প্রথম ওয়ান ডে ম্যাচ বঢোদরায় খেলা হবে। এই মাঠটি প্রথমবার কোনও পুরুষ আন্তর্জাতিক ম্যাচের আয়োজন করতে চলেছে। দ্বিতীয় ওয়ান ডে ১৪ই জানুয়ারি রাজকোটে এবং শেষ ওয়ান ডে ম্যাচ ১৮ই জানুয়ারি ইনদওরে খেলা হবে।
