
বয়স মাত্র ২১ বছর। সেই বয়সেই অলিম্পিক্সে সোনাজয়ী শ্যুটার মনু ভাকেরকে হারিয়ে সোনা জিতে হইচই ফেলে দিলেন এষা সিংহ।

হায়দরাবাদের শ্যুটারকে ভারতের মহিলাদের শ্যুটিংয়ের নতুন মুখ বলা হচ্ছে। কে এই এষা? কীভাবে বিশ্ব শ্যুটিংয়ে আলোড়ন ফেললেন?

অলিম্পিক্সে সোনার পদক জেতা মনু ভাকেরকে (Manu Bhaker) পেরিয়ে ISSF শ্যুটিং বিশ্বকাপে মহিলাদের ২৫ মিটার পিস্তলে সোনা জিতলেন এষা। সোমবার চীনের হাংঝাউয়ে ভারতীয় শ্যুটিংকে গর্বের মাইলফলকে পৌঁছে দিলেন তিনি।

২০০৫ সালের ১ জানুয়ারি হায়দরাবাদে জন্ম এষার। বাবা সচিন সিংহ ও মা শ্রীলতা।

খেলাধুলোর মাঠে এষার সফর অবশ্য শ্যুটিং দিয়ে শুরু হয়নি। গো কার্টিং, ব্য়াডমিন্টন, টেনিস ও স্কেটিং করেছেন।

গাচ্চিবৌলির অ্যাথলেটিক্স স্টেডিয়ামে গিয়ে অবশ্য তাঁর কেরিয়ার পুরো বদলে যায়। শ্যুটিংকে কেরিয়ার হিসাবে বেছে নেন এষা।

তাঁর বাবা সচিন ব়্যালি ড্রাইভার ছিলেন। ফলে খেলাধুলোর সঙ্গে সড়গড় এষার পরিবার।

বাবাই এষার শ্যুটিংয়ে আসার নেপথ্যে। অলিম্পিক্সে পদকজয়ী শ্যুটার গগন নারাঙ্গের পুণেতে অবস্থিত গান ফর গ্লোরি অ্যাকাডেমিতে ভর্তি হন এষা।

২০১৪ সালে শ্যুটিং শুরু করেন। পরের বছরই তেলেঙ্গনায় ১০ মিটার এয়ার পিস্তলে রাজ্যসেরা হন এষা।

তিন বছর পর তিনি মনু ভাকের, হিনা সিন্ধুদের মতো নামীদের হারিয়ে ৬২তম জাতীয় শ্যুটিংয়ে ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জেতেন। মাত্র ১৩ বছর বয়সে। এরপর খেলো ইন্ডিয়া গেমস, জুনিয়র ওয়ার্ল্ড কাপ, এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমস – একের পর এক পদক। আর পিছনে ফিরে তাকাতে হয়নি এষাকে। – পিটিআই
Published at : 27 Jul 2026 10:08 PM (IST)