কলকাতা : একদিকে চড়ছে নির্বাচনের পারদ, আর অন্যদিকে চড়ছে গরমের পারদ। দুই-এর সংমিশ্রণে পরিবেশ একেবারে উত্তপ্ত। আর কয়েক ঘণ্টার পর শুরু হবে দ্বিতীয় দফার নির্বাচন। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সমস্তরকম ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। ভোট দানের জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছেন মানুষেরাও। কিন্তু তাপপ্রবাহের জন্য চিন্তিত অনেকে। কেই ভাবছেন সকাল সকাল গিয়ে ভোটদান শেষ করে এসে বাড়িতে ছুটি কাটাবেন। আবার কেউ কেউ ভাবছেন রোদের তেজ কমলেই, বিকেলে যাবেন ভোট দিতে। কিন্তু রোদকে তোয়াক্কা না করে বহু মানুষ সকাল থেকেই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
পূর্বেও দেখা গেছে, অতিরিক্ত গরমে লাইনে দাঁড়িয়ে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। কিছু মানুষ হিট স্ট্রোকেও আক্রান্ত হয়েছেন। তাই ভোট দিতে গিয়ে এই ভয়ঙ্কর হিট-স্ট্রোক থেকে বাঁচতে কী কী করবেন এখনই জেনে নিন। যদি বাড়ির ছোটো বাচ্চা বা শিশুকে নিয়ে ভোট দিতে আসেন তাদেরকেও এই গরম থেকে কীভাবে রক্ষা করবেন জানুন।
হিট স্ট্রোকের লক্ষণগুলো কী কী?
১. এর প্রধান লক্ষণগুলোর মধ্যে রয়েছে ত্বক শুষ্ক হয়ে যাওয়া ও লাল হয়ে যাওয়া।
২. বেশি তাপমাত্রায় জ্বর আসবে।
৩. তীব্র মাথাব্যথা হবে, মাথা ঘোরা ও বমি বমি ভাব।
৪. হৃদস্পন্দন বেড়ে যায়। স্বাস নিতে কষ্ট হবে।
৫. বিভ্রান্তি মূলক কথাবার্তা এবং অস্পষ্ট কথা বলা।
গরমে হিট স্ট্রোক থেকে নিজেকে বাঁচাতে কী কী করবেন ?
১. সকাল সকাল ভোট দিয়ে চলে আসুন। চেষ্টা করুন সকাল ১০টার মধ্যে ভোটদান শেষ করতে। দুপুরে ভোট দিতে যাওয়া এড়িয়ে চলুন।
২. চেষ্টা করুন লাইন থেকে বেরিয়ে ছায়া আছে এমন জায়গায় গিয়ে একটু বিশ্রাম নিতে।
৩. সঙ্গে জলের বোতল রাখুন। ডিহাইড্রেশন এড়াতে প্রচুর পরিমান জল পান করুন। কোল্ড ড্রিংকস বা কার্বোনেটেড জল, ক্যাফেইন সমৃদ্ধ-এর মত পানীয় পান করা এড়িয়ে চলুন।
৪. খুব হালকা রঙের ও ঢিলে-ঢালা পোশাক পরুন। সাদা রঙের পোশাক হলে খুব ভাল। গাঢ় রঙের পোশাক পরা এড়িয়ে চলুন। কারণ, এই রঙগুলি বেশি তাপ শোষণ করে।
৫. যদি কারোর শরীর খারাপ লাগে, তবে তাকে প্রথমে একটি ঠান্ডা জায়গায় নিয়ে গিয়ে শুইয়ে দিন। তারপর ঠান্ডা জলে একটি কাপড় ভিজিয়ে তার শরীরে দিতে থাকুন। পাশাপাশি ক্যাম্পে থাকা স্বাস্থ্য বিশেষজ্ঞকে খবর দিন।
৬. গরমের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকার সময় একসঙ্গে অনেকটা জল পান না করে, চেষ্টা করুন একটু একটু করে জলপান করতে।
আরও পড়ুন : গরমে হতে পারে হিট স্ট্রোক, ঝুঁকি বেশি শিশুদের ! লক্ষণগুলো কী কী ? কীভাবে এর থেকে বাঁচবেন ?
আপনার সঙ্গে থাকা শিশুর যদি শরীর খারাপ করে তবে কী করবেন ?
১. সময় অনুযায়ী ও পরিমান মত অল্প অল্প করে জল খাওয়াতে হবে।
২. চেষ্টা করুন শিশুকে নিয়ে কোনও ছায়া যুক্ত স্থানে দাঁড়িয়ে থাকার।
৩. চেষ্টা করুন দুপুরে শিশুদের নিয়ে একেবারেই না বেরোনোর।
৪. হালকা, ঢিলেঢালা সুতির পোশাক পরাতে হবে। কারণ, গাঢ় রঙের পোশাক বেশি তাপ শোষণ করে।
Stay safe in the heat. ☀️
Know the signs, act fast, and protect yourself and others from heat stroke.#BeatTheHeat #Heatwave pic.twitter.com/K8znREwOhF
— Ministry of Information and Broadcasting (@MIB_India) April 28, 2026
