সন্দীপ সরকার, কলকাতা: ইডেনে (Eden Gardens) ফসিলস শো। রবিবার ক্রিকেটের নন্দনকানন মাতাতে হাজির থাকছেন রূপম ইসলাম ও তাঁর ব্যান্ডের সঙ্গীরা।
উপলক্ষ্য, বেঙ্গল টি-২০ লিগের ফাইনাল। যে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান জৌলুসহীন হয়েছিল বলে বিস্ময় প্রকাশ করেছিলেন অনেকে। উদ্বোধনের দিন মঞ্চে আট দলের পুরুষ ও মহিলা বিভাগের ১৬ অধিনায়ক ছাড়া ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, ঝুলন গোস্বামী ও সিএবি পদাধিকারীরা। গত বছর টুর্নামেন্টের উদ্বোধনে পারফর্ম করেছিলেন সুনীধী চৌহান। এবারের উদ্বোধনের সময় সিএবি থেকে বলা হয়েছিল, ক্রিকেটের ওপর বেশি জোর দেওয়া হচ্ছে।
তবে সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করার জন্য জনপ্রিয় ফসিলস ব্যান্ডকে আনা হচ্ছে। ২১ জুন, রবিবার টুর্নামেন্টের ফাইনাল। সেদিন বিকেল সাড়ে পাঁচটায় ইডেনে পারফর্ম করবেন রূপম ও তাঁর সঙ্গীরা। বিনামূল্যে দেখা যাবে অনুষ্ঠান ও ফাইনাল, জানিয়েছে সিএবি।
সুজাতার সেঞ্চুরি
বেঙ্গল টি-২০ লিগে সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন সুজাতা দে। বেঙ্গল টি-২০ লিগে এই প্রথম শতরান হাঁকালেন কোনও মহিলা ব্যাটার। শনিবার সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্সের ওপেনার সুজাতা দে ৫৩ বলে ১১২ রান করে অপরাজিত থাকলেন। সোবিস্কো স্ম্যাশার্স মালদহের বিরুদ্ধে। পুরুষ ও মহিলাদের বিভাগ মিলিয়ে এটি ব্যক্তিগত দ্বিতীয় সর্বাধিক স্কোর। সুজাতার ইনিংস সাজানো ১৪টি চার ও পাঁচটি ছয় দিয়ে।
টস জিতে ফিল্ডিং নিয়েছিল মালদহ। হাওড়া তোলে ৩ উইকেটে ১৭৮। সুজাতার সেঞ্চুরির পাশাপাশি ৪০ করেন তিথি দাস। অধিনায়ক সাইকা ইশাক, মমতা কিস্কু ও পরমা মণ্ডল একটি করে উইকেট নেন। জবাবে ১৯.১ ওভারে ১২৪ রানে গুটিয়ে যায় মালদহ। মমতা কিস্কু করেন ২৪। দিশা চন্দক ও শ্রেয়সী আইচ তিনটি করে উইকেট নেন।
স্বার্থের সংঘাতের অভিযোগের শুনানি
সিএবি-র অ্যাপেক্স কাউন্সিলের সদস্য সুরজিৎ লাহিড়ীর বিরুদ্ধে স্বার্থের সংঘাতে জড়ানোর অভিযোগ উঠেছিল। আইনজীবী প্রাঞ্জল পাল সিএবি-র এথিক্স অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন যে, সিএবি-র অ্যাপেক্স কাউন্সিলের সদস্য হয়েও ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক বেঙ্গল টি২০ লিগে পুরুলিয়া নোভাস রয়্যালস দলের সঙ্গে কীভাবে যুক্ত থাকেন সুরজিৎ। তাঁকে ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে নির্বাসিত করার পাশাপাশি আর্থিক জরিমানা করার দাবিও জানানো হয়েছিল সেই অভিযোগপত্রে। শনিবার সিএবি-র এথিক্স অফিসার, প্রাক্তন বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য দুই পক্ষকে ডেকে শুনানি করেন। জানা গেল, জুলাই মাসে পরবর্তী ডেট দিয়েছেন এথিক্স অফিসার। অভিযোগকারী আগেই সিএবির বিরুদ্ধে গড়িমসি করার জন্য ক্ষোভ প্রকাশ করেছিলেন। শনিবার তাঁর পক্ষ থেকে আবেদন করা হয়, অন্তর্বর্তীকালীন একটা রায় যেন দেওয়া হয়। বিশেষ করে মূল অভিযোগ যেখানে বেঙ্গল টি-২০ লিগ সংক্রান্ত, সেখানে টুর্নামেন্ট চলাকালীন যাতে অন্তর্বর্তীকালীন রায় দেওয়া হয়, তা নিয়ে আবেদন জানানো হয়েছে।
আরও পড়ুন: খেলার ময়দানকে দুর্নীতিমুক্ত করতে ক্রীড়ামন্ত্রীকে অভিনব প্রস্তাব অভিষেকের, বিস্ফোরক চিঠি
Chess Grandmaster | পশ্চিমবঙ্গের দাবার মুকুটে যোগ হল নতুন পালক, দেশের ৯৫তম গ্র্যান্ডমাস্টার হলেন কলকাতার আরণ্যক ঘোষ
