নয়াদিল্লি: মাত্র ১৫ বছর বয়স তার। কিন্তু এই বয়সেই যে দাপট ২২ গজে দেখাচ্ছে বৈভব, তাতে দিশেহারা তাবড় তাবড় বোলাররা। বিধ্বংসী ব্যাটিং পারফরম্যান্স সূর্যবংশী অরেঞ্জ ক্যাপের তালিকার শীর্ষে পৌঁছে দিয়েছে। ক্রিজে তাঁর বিস্ফোরক শক্তির প্রমাণ হিসেবে, এই ব্যাটার বর্তমানে কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার ক্রিস গেলের দখলে থাকা দীর্ঘদিনের টুর্নামেন্ট রেকর্ড ভাঙার থেকে মাত্র সাতটি ছক্কা দূরে রয়েছে। ইংল্যান্ডের তারকা ব্যাটার জস বাটলার বৈভবের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
সম্প্রতি একটি পডকাস্টে বাটলার জানিয়েছেন, ‘ছক্কার কথা বলতে গেলে, আমাদের বন্ধু বৈভব যেভাবে ছক্কা হাঁকাচ্ছে, তা অতুলনীয়। এখন নিশ্চিতভাবেই কোনও ভারতীয় খেলোয়াড়ের মধ্যে IPL-এ সবচেয়ে বেশি ছক্কা ওরই। এই মরশুমে ও ৫০-এরও বেশি ছক্কা মেরেছে বলে মনে হয়। আর আমার মনে হয়, এক মরশুমে সবচেয়ে বেশি ছক্কার সর্বকালীন রেকর্ডে শুধু গেইলই ওর থেকে সামান্য এগিয়ে আছে, হয়তো এক বা দুটি ছক্কা বেশি। আমি ওকে পাওয়ারপ্লে তে ব্যাট করতে দেখেছি। পরিসংখ্যানগুলো অবিশ্বাস্য, তাই না? পাওয়ারপ্লেতে প্রতি বাউন্ডারির জন্য বলের সংখ্যা দুই। পাওয়ারপ্লেতে প্রতি দ্বিতীয় বলেই ও চার বা ছক্কা মারে, যা সত্যিই পাগলামি।’
বৈভবের প্রশংসা শোনা গিয়েছিল সঞ্জীব গোয়েঙ্কার গলাতেও। তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, “বৈভব সূর্যবংশীর ভারত এ দলে নির্বাচন অনেক কারণে উদযাপনের যোগ্য, যার মধ্যে সবচেয়ে বড় কারণ হল এই তরুণ খেলোয়াড় এত কম সময়ে কতটা উন্নতি করেছে। গত বছর আইপিএলে অভিষেক থেকে শুরু করে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে ১৭৫ রান করা এবং ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হওয়া পর্যন্ত, গোটা দেশ তাকে দেখে মুগ্ধ হয়েছে। মাত্র এক বছরে ও অসাধারণ প্রতিভা, নির্ভীকতা এবং ক্রমাগত ভাল হওয়ার খিদে দেখিয়েছে। আয়ুষ বাদোনিকেও দলে দেখে খুব খুশি হয়েছি। দু’জনকেই অভিনন্দন। ভারতকে গর্বিত করো।’
উল্লেখ্য, ১৫ বছরের ক্রিকেটার এবারের আইপিএলেও ৩৬ বলে সেঞ্চুরি করেছে। রাজস্থান রয়্যালসের টপ অর্ডারকে ভয়ঙ্কর দেখাচ্ছে তার জন্যই। এর আগে ভারতের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে খেলেছে। ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্য। ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে তার ১৭৫ রানের ইনিংস নিয়ে এখনও চর্চা চলে। এবার পেল আরও বড় সুযোগ। এবার তাকে নেওয়া হল ভারত এ দলে।
